ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধনের পর শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ভিডিও কনফারেন্সে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, গণমাধ্যমসহ সংশ্লিষ্টরা অংশ নেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল খালেক আলমগীর, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাংবাদিক রেজাউল করিম রাজুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্স শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের নেতৃত্বে পৌর শহরে একটি জনসচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রচার চালানো হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, শুধু মশা নিধন বা ওষুধ ছিটানোর ওপর নির্ভর করলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
তিনি বলেন, যেখানে পানি জমে থাকে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ইউএনও আরও বলেন, পরিচ্ছন্নতা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আগামী তিন মাস বিভিন্ন পর্যায়ে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে জানিয়ে তিনি কর্মসূচিতে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
Leave a comment