দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছয় বছরের মেয়েসন্তানকে রেখে অন্য এক যুবকের সঙ্গে স্ত্রী চলে গেছেন বলে অভিযোগ করেছেন সৌদি আরবপ্রবাসী আজিজ আকন্দ। তাঁর অভিযোগ, স্ত্রী যাওয়ার সময় তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন। এ খবর জানার পর সৌদি আরবে ফেসবুক লাইভে এসে দুধ দিয়ে গোসল করেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আজিজের দুধ দিয়ে গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে আজিজ আকন্দকে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করে রেখে গেছিলাম স্ত্রীকে, ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে, আমি কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে বিচার দিব।’
খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ আকন্দ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে যান। প্রায় নয় বছর আগে সান্ত্বনা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে ছয় বছরের একটি মেয়েসন্তান রয়েছে।
আজিজের অভিযোগ, গত বুধবার বিকেলে মেয়েকে বাড়িতে রেখে অন্য এক যুবকের সঙ্গে চলে গেছেন তাঁর স্ত্রী। এ সময় তিনি তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেও দাবি করেন আজিজ।
ভিডিওতে আজিজকে আরও বলতে শোনা যায়, ‘নারীর মায়া, বিশ্বাস করে রেখে গেছিলাম, ৯ বছরের সংসার ভেঙে ৬ বছরের একটি ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে।’
এ ঘটনায় বৃহস্পতিবার মাদারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আজিজের পরিবারের সদস্যরা।
অভিযোগের বিষয়ে জানতে সান্ত্বনা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য জানতে বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম বলেন, প্রবাসী আজিজ আকন্দের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment