পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পোশাকশিল্পের চলমান পরিস্থিতি, শ্রমিক অসন্তোষ এবং কারখানার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকালে রাজধানীর মিরপুর, গাজীপুরের কালিয়াকৈর, সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেন। কোথাও কোথাও সড়ক ও মহাসড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব এলাকার অন্তত ৩০০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নাশকতার অভিযোগ, গ্রেপ্তার ২০
আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহিংসতা উসকে দিতে অনুপ্রবেশ করেছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে দাবি করা হয়েছে প্রতিবেদনে। গাজীপুরের কালিয়াকৈরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজমুল ইসলামকে একটি সহিংস মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে বলেও উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, কালিয়াকৈরে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট নয়জনকে এবং মিরপুরে আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সড়ক অবরোধ, মেট্রোরেল চলাচল বন্ধ
গাজীপুরে সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এতে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে বিকেল ৩টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, মিরপুরে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পার্ক করা পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। নিরাপত্তার কারণে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মজুরি বোর্ড গঠন, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান
এর আগে রোববার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনায় নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। তিনি জনদুর্ভোগ সৃষ্টি না করে শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান জানান।
আন্দোলন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করতে বিকেলে তাঁর সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতে তাঁর নির্ধারিত সরকারি সফরও বাতিল করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
Leave a comment