চাঁদপুরে একই মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী যথাক্রমে ৯ মাস ১০ দিন ও ১৪ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছে। অল্প সময়ে কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ায় তাদের পরিবার, শিক্ষক ও মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিরা আনন্দ প্রকাশ করেছেন।
শিক্ষার্থী দুজন হলো চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকার জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের মোহাম্মদ হোসাইন আহমদ ও মোহাম্মদ ইকরাম প্রধানীয়া।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মোহাম্মদ হোসাইন আহমদ মাত্র ৯ মাস ১০ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছে। অন্যদিকে মোহাম্মদ ইকরাম প্রধানীয়া ১৪ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হয়েছে।
দুই শিক্ষার্থীর এই অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রাসার পরিচালক মাওলানা আল আমিন।
তিনি জানান, শিক্ষার্থীদের কোরআন মুখস্থ করানোর পাশাপাশি তাঁদের মেধা, নৈতিকতা ও ধর্মীয় জ্ঞান বিকাশে গুরুত্ব দেওয়া হয়। যত্ন ও আন্তরিকতার সঙ্গে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন শিক্ষকেরা।
মাদ্রাসার পরিচালক আরও বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে।
শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও শিক্ষার্থীরা এমন সাফল্য অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Leave a comment