ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। চিকিৎসাজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব রেসলিং বিনোদন সংস্থা ডব্লিউডব্লিউই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ খবর জানায় সংস্থাটি।
বিবৃতিতে ডব্লিউডব্লিউই জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে, ব্রনসন রিড নামে পরিচিত জার্মেইন হ্যালি চিকিৎসাজনিত জটিলতায় মারা গেছেন। ডব্লিউডব্লিউইতে তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তবে এর চেয়েও বড় কথা, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, পরিবারের প্রতি নিবেদিত এবং সহকর্মীদের প্রিয় একজন ব্যক্তি।
বিবৃতিতে আরও বলা হয়, জার্মেইনের অন্তঃসত্ত্বা স্ত্রী পেইজ, তাঁদের কন্যাসন্তান, পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, সহকর্মী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে ডব্লিউডব্লিউই।
তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।
এর আগে চলতি মাসের ৭ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই ক্রাউন জুয়েল ইভেন্টে ওবা ফেমির সঙ্গে একটি ম্যাচে অংশ নিয়েছিলেন রিড। ওই ম্যাচে তাঁকে প্রবেশমঞ্চ থেকে একটি টেবিলের ওপর ছুড়ে ফেলেন ফেমি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় রিডের পাঁজরের একাধিক হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর আঘাত লাগে। তবে তাঁর মৃত্যুর সঙ্গে ওই আঘাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
রেসলিং ক্যারিয়ারে একবার এনএক্সটি নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন হয়েছিলেন রিড। ২০২৪ সালে জিতেছিলেন আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যালের শিরোপা।
ডব্লিউডব্লিউইতে যোগ দেওয়ার আগে টোটাল ননস্টপ অ্যাকশন রেসলিং (টিএনএ) ও নিউ জাপান প্রো-রেসলিংয়ে (এনজেপিডব্লিউ) ‘জোনাহ রক’ নামে পরিচিতি পেয়েছিলেন তিনি।
১৯৮৮ সালের ২৫ আগস্ট অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্মগ্রহণ করেন জার্মেইন হ্যালি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও রেসলিং ভক্তরা।
Leave a comment