কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, ‘এই কয়েক দিন যা দেখেছেন সেটা ট্রেলার ছিল। পুরো সিনেমাটা এখনো দেখেননি।’
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে নয়ন দাবি করেন, আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি সফল হতে দেননি তাঁরা। স্বাভাবিক নিয়মেই সব কার্যক্রম চলেছে বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে নয়ন লেখেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই—বাড়াবাড়ি করবেন না।’
তিনি আরও লেখেন, ‘এই কয়দিন যা দেখেছেন সেটা ট্রেলার ছিলো। পুরো সিনেমাটা এখনো দেখেননি। এবার যদি বাড়াবাড়ি করেন তাহলে দেখবেন। আপনাদের জন্য সেটা নিষ্ঠুর সিনেমা হবে।’
পোস্টে আওয়ামী লীগ সরকারের আমলে নিজের ওপর নির্যাতনের অভিযোগও তুলে ধরেন যুবদলের এই নেতা। তাঁর দাবি, ওই সময়ে তাঁকে একাধিকবার গ্রেপ্তার, গুলি ও নির্যাতন করা হয়েছে। এমনকি তাঁকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকেও গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল।
নয়ন জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর প্রতিশোধের পরিবর্তে একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনের প্রত্যাশা করেছিলেন তিনি। এ কারণে অতীতের নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেননি বলে দাবি করেন।
তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি ও জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তাঁদের ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও তোলেন।
নয়নের দাবি, বিএনপি ও সরকারের নমনীয়তাকে দুর্বলতা মনে করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন।
পোস্টের শেষ দিকে আবারও কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন রবিউল ইসলাম নয়ন। তিনি লেখেন, ‘অন্তরে যে সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি সেখানে বিস্ফোরণ ঘটাবেন না। পুড়ে ছাই হয়ে যাবেন।’
Leave a comment