Home আন্তর্জাতিক নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে
আন্তর্জাতিক

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

Share
Share

 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র ও চিকিৎসাসংক্রান্ত নথিতেও নারীদের নাম উল্লেখ করা যাবে না। তাঁদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোথাও কোথাও নারীদের ‘গরু’ বা ‘ছাগল’ বলেও ডাকা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের সঙ্গে কথা বলা কয়েকজন নারী এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া আফগান সংবাদমাধ্যম জান টাইমস ও যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানেও বিষয়টি উঠে এসেছে।

জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানির মতে, নারীদের নাম মুছে ফেলা তাঁদের মানবিক পরিচয় কেড়ে নেওয়ার একটি সুপরিকল্পিত প্রক্রিয়া। তাঁর ভাষায়, নাম মানুষের মুখ, কণ্ঠস্বর ও গল্পের পরিচয় বহন করে। কোনো শাসনব্যবস্থা যখন একজন নারীর নাম বদলে তাঁকে পশুর নামে ডাকে, তখন তাঁর মানবিক সত্তাকে অস্বীকার করা হয়।

‘বিবি’ শব্দের অর্থ দাদি বা বয়স্ক নারী। আফগানিস্তানের প্রচলিত সামাজিক রীতিতে জনসমক্ষে নারীর নাম উচ্চারণ করাকে অনেক ক্ষেত্রে স্বামী বা সন্তানের সম্মানের জন্য অপমানজনক মনে করা হয়। এ কারণে সম্মানসূচক সম্বোধন হিসেবে শব্দটি ব্যবহার করা হয়। তবে অধিকারকর্মীদের অভিযোগ, তালেবান কর্তৃপক্ষের নির্দেশের ফলে এই সম্বোধনও নারীদের পরিচয় মুছে ফেলার হাতিয়ারে পরিণত হচ্ছে।

ওসমানি জানান, আফগানিস্তানে সরকারি নথিপত্রে নারীদের পরিচয় প্রায়ই তাঁদের পুরুষ আত্মীয়ের ‘স্ত্রী’ বা ‘কন্যা’ হিসেবে লেখা হয়। এমনকি কবরের ফলকেও অনেক সময় মৃত নারীর নাম উল্লেখ করা হয় না।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রথম দফায় ক্ষমতায় থাকার সময় তালেবান রাস্তার নাম ও জনসমাগমস্থল থেকে ‘নারী’ শব্দটি বাদ দিয়েছিল। ২০২১ সালে আবার ক্ষমতায় ফেরার পর নারীদের অধিকার সীমিত করতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে গোষ্ঠীটি। ওসমানির মতে, এসব নীতির মূল উদ্দেশ্য নারীদের মানবিক পরিচয় অস্বীকার করা।

কাবুলের এক অধিকারকর্মী কারিশমা (ছদ্মনাম) হোয়াটসঅ্যাপে বালখ প্রদেশে এ নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর দাবি, নারীদের নাম ব্যবহার না করার নির্দেশ এখনো অনেকে মানছেন না।

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা প্রকাশ করেছেন, স্থানীয় পর্যায়ে শুরু হওয়া এ ধরনের সিদ্ধান্ত পরে সারা দেশের জন্য নির্দেশনা হিসেবে জারি হতে পারে। এর আগে অন্যান্য বিষয়েও এমন ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

আকবর বলেন, নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে তালেবান অত্যন্ত কৌশলী। ফেমেনার হিসাব অনুযায়ী, নারীদের অধিকার সীমিত করতে তালেবান এ পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশনা জারি করেছে। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনা বন্ধ রাখা, অধিকাংশ ক্ষেত্রে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণে বাধা দেওয়া এবং জনসমক্ষে কথা বলার ওপর বিধিনিষেধ এসব নির্দেশনার অন্তর্ভুক্ত।

এ ছাড়া চলতি বছরের ১৪ মে পাস হওয়া একটি আইন নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতাকে বৈধতা দেওয়ার সুযোগ তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে। তালেবানের দণ্ডবিধিতে শাস্তির ক্ষেত্রেও বৈষম্য রয়েছে বলে দাবি করেছেন অধিকারকর্মীরা। তাঁদের ভাষ্য, কোনো নারীর হাত ভেঙে দেওয়ার ঘটনায় ১৫ দিনের কারাদণ্ডের বিধান থাকলেও উটকে আঘাত করার অপরাধে পাঁচ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ওসমানির মতে, নামহীন কোনো মানুষ নিজের পরিচয় প্রতিষ্ঠা, সম্পত্তির মালিকানা কিংবা ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে নানা বাধার মুখে পড়েন। ইতিহাসেও তাঁর পরিচয় হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আফগানিস্তানে একজন নারীকে তাঁর নিজের নামে ডাকার বিষয়টিও এখন প্রতিবাদের অংশ হয়ে উঠেছে।

‘আমার নাম কোথায়?’

আফগান নারীদের নাম প্রকাশ না করার প্রথাটি একটি পুরোনো গোষ্ঠীগত সামাজিক রীতি। এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন অধিকারকর্মীরা। তাঁদের যুক্তি, পবিত্র কোরআনের ১৯তম সূরার নাম ‘মারইয়াম’। সেখানে মারইয়ামের নাম একাধিকবার উল্লেখ করা হয়েছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার আগেও আফগান নারীদের নাম বিভিন্ন সামাজিক ও সরকারি নথিতে অনুপস্থিত থাকত। বিয়ের আমন্ত্রণপত্র কিংবা কবরের ফলকেও অনেক সময় তাঁদের নাম লেখা হতো না। তবে জুবাইদা আকবরের মতে, আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার তুলনা চলে না। তখন নারীদের নাম ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা ছিল না। কিছু নথিতে তাঁদের নাম থাকত এবং নারীরা নিজেদের পরিচয়ে প্রকাশ্যে কাজ করতে পারতেন।

২০১৭ সালে লালাহ ওসমানি ‘আমার নাম কোথায়?’ নামে একটি প্রচারাভিযান শুরু করেন। সন্তানের জন্মসনদসহ বিভিন্ন সরকারি নথিতে মায়ের নাম যুক্ত করাই ছিল এর লক্ষ্য।

ওসমানি জানান, তালেবান ক্ষমতায় ফেরার আগেই এ প্রচারাভিযানের কারণে তিনি চরম হুমকির মুখে পড়েন। ২৫ বছর বয়সে তিনি এক নারীর নির্যাতিত মরদেহের ছবি পান। তাঁকে সতর্ক করে বলা হয়েছিল, প্রচারাভিযান বন্ধ না করলে তাঁর পরিণতিও একই হবে।

ওসমানি বলেন, তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু থেমে যাননি। তাঁর প্রচারাভিযানের ফলে ২০২০ সালের সেপ্টেম্বরে তালেবানের আগের আফগান সরকার সন্তানের জন্মসনদসহ বিভিন্ন নথিতে মায়ের নাম স্বেচ্ছায় লেখার অনুমতি দেয়। তখন শহর ও তরুণ প্রজন্মের মধ্যে নারীর নাম ব্যবহারকে সম্মান, আধুনিকতা ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে দেখা হচ্ছিল বলে জানান তিনি।

‘আফগান অ্যানালিস্টস নেটওয়ার্ক’-এর ২০১৭ সালের এক প্রতিবেদনেও নারীদের নামের ব্যবহার এবং জনপরিসরে তাঁদের উপস্থিতির মধ্যে সম্পর্ক তুলে ধরা হয়। প্রতিবেদনটির শিরোনাম ছিল, ‘একজন নারীর নামে কী আসে যায়? নাম নেই তো জনপরিসরে পরিচিতিও নেই’।

নাম না থাকার বাস্তব প্রভাব

নারীদের নাম সরকারি নথিতে না থাকার কারণে তাঁদের দৈনন্দিন জীবনেও নানা জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে চিকিৎসা ও আইনি সেবা পাওয়ার ক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে।

ওসমানির আশঙ্কা, কোনো হাসপাতালে একাধিক নারীর ব্যবস্থাপত্র ও চিকিৎসার নথি একই নামে—‘বিবি’—অথবা নম্বরের অধীনে সংরক্ষণ করা হলে চিকিৎসায় ভুল হওয়ার ঝুঁকি বাড়বে। আফগানিস্তানে নারী ও মেয়েদের চিকিৎসায় পুরুষ চিকিৎসকদের ওপর বিধিনিষেধ এবং নারীদের স্বাস্থ্যবিষয়ক শিক্ষা গ্রহণের সুযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করেন তিনি।

আফগান সাংবাদিক খাদিজা আমিনের জীবনেও নারীর নাম নথিতে না থাকার প্রভাব পড়েছে। বর্তমানে স্পেনে নির্বাসিত এই সাংবাদিকের প্রথম সন্তানের জন্মসনদে মায়ের নাম লেখা হয়নি। পরবর্তী সময়ে জন্ম নেওয়া তাঁর যমজ সন্তানদের জন্মসনদেও মায়ের নাম ছিল না।

খাদিজা একসময় আফগানিস্তানের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ছিলেন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর তিনি দেশ ছাড়তে বাধ্য হন। সে সময় তাঁর স্বামী তিন সন্তানকে তাঁর কাছ থেকে নিয়ে যান।

২০২৪ সালে খাদিজা জানতে পারেন, তাঁর সাবেক স্বামী সন্তানদের নিয়ে শরণার্থী হিসেবে জার্মানিতে বসবাস করছেন। এরপর তিনি বার্লিনে গিয়ে সন্তানদের সঙ্গে দেখা করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু থানায় অভিযোগ করতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ, সন্তানদের মা হিসেবে নিজের পরিচয় প্রমাণ করার মতো কোনো নথি তাঁর কাছে ছিল না।

জার্মানির একটি আদালতে নিজের দাবি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু করতে খাদিজার আরও দুই বছর সময় লাগে। এই সময়ের মধ্যে তাঁর সাবেক স্বামী সন্তানদের নিয়ে আফগানিস্তানে চলে যান। ফলে সন্তানদের সঙ্গে যোগাযোগের সুযোগ হারান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোপালগঞ্জের সেই এসপিকে ১০ দিনের মাথায় ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে ১০ দিন আগে গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলি করা হয়েছিল জেলার পুলিশ...

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ধসে আহত শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের সিলিংয়ের একাংশ ধসে এক নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে জৈব...

Related Articles

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ডব্লিউডব্লিউইতে ব্রনসন রিড নামে পরিচিত অস্ট্রেলীয় রেসলার জার্মেইন হ্যালি মারা গেছেন। শুক্রবার...

শিশু ছাড়া খেলার মাঠে বসায় জার্মানিতে নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো...

ডাটা সেন্টারের শব্দ ও ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা, প্রতিবাদের ঘোষণা

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত সম্প্রসারিত...

;