কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদ ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে পারেননি ধর্মীয় আলোচক মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। তবে মাহফিলস্থলের কাছাকাছি গিয়ে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে অনুসারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার অলিরবাজার এলাকায় পৌঁছান তাহেরী। এ সময় তাঁর গাড়ির আশপাশে কয়েক শ অনুসারী জড়ো হন। গাড়ির ওপর দাঁড়িয়ে কয়েক মিনিট বক্তব্য দেওয়ার পর তিনি সেখান থেকে চলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে অলিরবাজারের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে তাহেরীর বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তাঁর আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই এলাকায় উত্তেজনা দেখা দেয়।
মাহফিল বন্ধের দাবিতে শুক্রবার সকালে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতে ইসলামের স্থানীয় নেতা-কর্মীরা। একই সঙ্গে তাহেরীকে এলাকায় আসতে না দেওয়ার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেন তাঁরা।
পরিস্থিতি বিবেচনায় শুক্রবার সকাল থেকেই অলিরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের পক্ষ থেকে আয়োজকদের মাহফিল বন্ধ রাখতে বলা হয়। পুলিশের অনুরোধের পর মাহফিলের মঞ্চ ও অন্যান্য আয়োজন সরিয়ে নেন আয়োজকেরা।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিল আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ কারণে অনুষ্ঠানটি করতে দেওয়া হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
তিনি আরও জানান, এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশের সতর্ক অবস্থানের কারণে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
হেফাজতে ইসলামের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিলের আয়োজন করা হচ্ছিল। তাহেরীকে বিতর্কিত বক্তা হিসেবে উল্লেখ করে তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তাঁদের সংগঠনের নেতা-কর্মীরাও এ আয়োজনের প্রতিবাদ জানিয়েছেন।
অন্যদিকে মাহফিল আয়োজক কমিটির সদস্য ও তাহেরীর অনুসারী আমির হোসেন জানান, অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল। প্রশাসনের কাছে অনুমতির আবেদনও করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি।
আমির হোসেন বলেন, মাহফিল আয়োজনের বিষয়ে তাঁরা অনড় থাকলেও তাহেরী কোনো ধরনের সংঘাতে জড়াতে চাননি। এ কারণে তিনি এলাকায় পৌঁছালেও নির্ধারিত মঞ্চে না গিয়ে গাড়িতে দাঁড়িয়ে অনুসারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান।
এদিকে গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় মাহফিল করতে না পারায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন তাহেরী। তিনি বলেন, আয়োজক কমিটি অনেক আগে থেকেই অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছিল। তাঁর দাবি, এলাকায় মাহফিল নিয়ে আগে কোনো বিরোধ ছিল না। পুলিশের কাছে আবেদন করার পরও অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।
Leave a comment