কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে একটি বসতঘরে আশ্রয় নিয়েছে। পরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় লোকজনের চেষ্টায় হাতিটিকে সেখান থেকে বের করা হয়। এ সময় খুঁড়িয়ে চলা হাতিটিকে লক্ষ্য করে ঢিল ছোড়া ও আগুন জ্বালিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাতটার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের একটি বসতঘরে হাতিটি ঢুকে পড়ে। পরে প্রায় দুই থেকে তিন ঘণ্টার চেষ্টায় হাতিটিকে ঘর থেকে বের করে বনের কাছাকাছি নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে শীলখালী রেঞ্জের হলবনিয়া গ্রামের একটি বাড়িতে আহত হাতিটি ঢুকে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন জ্বালিয়ে ভয় দেখিয়ে এবং ঢিল ছুড়ে সেটিকে বনের দিকে ফেরানোর চেষ্টা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও দেখা যায়, একদল মানুষ লাঠিসোঁটা হাতে হাতিটিকে তাড়া করছেন। এ সময় কেউ কেউ হাতিটির দিকে ঢিল ছুড়ে মারছেন। ভিডিওতে একজনকে অন্যদের ঢিল না মারার জন্য সতর্ক করতেও শোনা যায়।
স্থানীয় সূত্র ও বন বিভাগের তথ্য অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়ে জাহাজপুরা গর্জন বাগান এলাকায় দুটি বন্যহাতিকে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় একটি হাতির পায়ে আঘাতের চিহ্ন দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগের সদস্যরা আহত হাতিটির সন্ধানে তল্লাশি শুরু করেন।
গত ১৮ নভেম্বর হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। সেদিন বন বিভাগ ও চিকিৎসক দল বনের ভেতরে গিয়ে হাতিটিকে চিকিৎসা দেন। পরে সেটি আবার বনে ফিরে যায়।
তবে শনিবার সকালে হাতিটি আবারও লোকালয়ে চলে আসে। বন বিভাগ সূত্র জানায়, হাতিটির ডান পায়ে আঘাত থাকায় সেটি স্বাভাবিকভাবে চলাচল করতে পারছিল না। মানুষের তাড়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে বনের দিকেই যায় প্রাণীটি।
শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, হাতিটি পুরোপুরি বনের ভেতরে প্রবেশ করেনি। বনের আশপাশেই অবস্থান করছিল। এ সময় হাতিটিকে দেখতে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন।
শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, আহত হাতিটি আবার লোকালয়ে চলে আসায় সেটিকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর আগে হাতিটির শরীরে আটটি গুলির চিহ্ন পাওয়া গিয়েছিল এবং চিকিৎসাও দেওয়া হয়েছিল। পরবর্তী ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, হাতিটিকে দেখে আতঙ্কিত না হতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।
Leave a comment