প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ১৭টি ক্যাটাগরিতে মোট ৭৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন।
আগামী ৩ ডিসেম্বর রাত আটটা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর রাত আটটা পর্যন্ত।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নবম থেকে বিশতম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। পদভেদে এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। কিছু পদের জন্য কম্পিউটার পরিচালনা, কারিগরি দক্ষতা ও নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ২৮৮ জন নিয়োগ দেওয়া হবে ফিল্ড স্টাফ পদে। এ ছাড়া সহকারী পরিচালক পদে ১৫৮ জন, ফিল্ড অফিসার পদে ৯৩ জন, অফিস সহায়ক পদে ৭৬ জন এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৫৪ জন নিয়োগ পাবেন।
অন্যান্য পদের মধ্যে রয়েছে ওয়্যারলেস অপারেটর ২৩ জন, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ২০ জন, গাড়িচালক ১২ জন, অ্যাকাউন্ট্যান্ট-কাম-ক্যাশিয়ার ৭ জন, কম্পিউটার অপারেটর ৪ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ৩ জন, ফটোগ্রাফার ২ জন ও ডেসপাচ রাইডার ২ জন।
এ ছাড়া টেলিফোন ইঞ্জিনিয়ার, সহকারী প্রোগ্রামার, কম্পিউটার টেকনিশিয়ান ও ডার্করুম অ্যাসিস্ট্যান্ট পদে একজন করে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বেতন
সহকারী পরিচালক পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এ পদে বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
ফিল্ড অফিসার পদে আবেদনের জন্য দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন। এ পদে বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। পাশাপাশি নির্ধারিত শারীরিক যোগ্যতা পূরণ করতে হবে।
ফিল্ড স্টাফ পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ পদেও নির্দিষ্ট শারীরিক যোগ্যতার শর্ত রয়েছে। বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে কম্পিউটার পরিচালনা ও নির্ধারিত গতিতে বাংলা এবং ইংরেজি টাইপ করার দক্ষতা থাকতে হবে।
অফিস সহায়ক পদে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ পদের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
এ ছাড়া প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, হিসাবরক্ষণ, ফটোগ্রাফি ও গাড়িচালনাসংশ্লিষ্ট পদগুলোতে নির্ধারিত বিষয়ে ডিগ্রি, প্রশিক্ষণ, অভিজ্ঞতা বা প্রয়োজনীয় লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর তারিখে আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে নির্দিষ্ট কয়েকটি পদে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এ ক্ষেত্রে সরকারের সর্বশেষ বয়সসীমাসংক্রান্ত বিধান অনুসরণ করা হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট ndr.teletalk.com.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফরম পূরণের সময় নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত কপি সংরক্ষণ করতে হবে।
পদভেদে আবেদন ফি ভিন্ন। প্রথম চারটি পদের জন্য ২২৩ টাকা, ৫ থেকে ১৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনলাইনে আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
প্রথম এসএমএসে NDR লিখে একটি স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় এসএমএস পাঠিয়ে ফি জমা দিতে হবে।
আবেদন ফি সফলভাবে জমা হলে নিশ্চিতকরণ বার্তা পাওয়া যাবে। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় ও অন্যান্য তথ্য পরবর্তী সময়ে আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা।
আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮টা।
আবেদনের আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মানদণ্ড, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a comment