সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার সময় হয়ে ওঠে না অনেকের। অথচ একজন মানুষের কথা মন দিয়ে শোনাই কখনো কখনো গড়ে তুলতে পারে গভীর সম্পর্ক। এই ভাবনা থেকেই যুক্তরাষ্ট্রে প্রতিবছর পালিত হয় ‘ডে অব লিসেনিং’ বা জাতীয় শ্রবণ দিবস।
প্রতিবছর থ্যাঙ্কসগিভিং দিবসের পরের শুক্রবার এই দিবসটি পালন করা হয়। সে হিসাবে ২০২৪ সালে দিনটি ছিল ২৯ নভেম্বর। আর এ বছর, অর্থাৎ ২০২৬ সালে দিবসটি পড়েছে ২৭ নভেম্বর। এ দিনের মূল উদ্দেশ্য হলো পরিবার, বন্ধু কিংবা পরিচিত-অপরিচিত মানুষের জীবনের গল্প মনোযোগ দিয়ে শোনা। সম্ভব হলে তাঁদের অভিজ্ঞতা রেকর্ড করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করাও এ উদ্যোগের অংশ।
যেভাবে শুরু হয়েছিল এই বিশেষ দিনের
২০০৮ সালে অলাভজনক সংস্থা ‘স্টোরিকর্পস’ এই দিবসের সূচনা করে। সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি ও জীবনের গল্প সংগ্রহ করে সংরক্ষণ করাই এর অন্যতম উদ্দেশ্য।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের জীবনকাহিনি নথিবদ্ধ করার উদ্যোগ নেয় স্টোরিকর্পস। সংস্থাটির উদ্যোগে ছয় লাখের বেশি মানুষ নিজেদের জীবনের গল্প ভাগ করে নিয়েছেন। এসব সাক্ষাৎকারের মাধ্যমে সংরক্ষিত হয়েছে বিভিন্ন প্রজন্মের মানুষের অভিজ্ঞতা, পারিবারিক ইতিহাস এবং সমাজজীবনের নানা অজানা অধ্যায়।
১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রে পরিচালিত ‘ফেডারেল রাইটার্স প্রজেক্ট’ থেকেও এই ভাবনার অনুপ্রেরণা পাওয়া যায়। ওই প্রকল্পে সাধারণ মানুষের জীবন ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার চেষ্টা করা হয়েছিল।
অন্যের কথা শোনা কেন গুরুত্বপূর্ণ
শোনা মানে শুধু কারও কথা কানে নেওয়া নয়। মনোযোগ দিয়ে শুনলে অন্যের অনুভূতি, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বোঝা যায়। এতে পারস্পরিক বিশ্বাস বাড়ে, ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়।
মনোযোগ দিয়ে কারও কথা শুনলে তিনি নিজেকে গুরুত্ব পাওয়া মানুষ বলে মনে করেন। এতে একাকিত্ব কমতে পারে, মানসিক স্বস্তি পাওয়া যায় এবং পারস্পরিক সহমর্মিতা তৈরি হয়। একই সঙ্গে অন্যের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগও তৈরি হয়।
যেভাবে পালন করবেন শ্রবণ দিবস
গল্পের আসর বসিয়ে শ্রবণ দিবস পালন করতে পারেন। বাড়ির সদস্য, বন্ধু বা পরিচিতদের নিয়ে ছোট্ট গল্পের আসর আয়োজন করুন। প্রত্যেকে নিজের জীবনের বিশেষ কোনো স্মৃতি বা অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন।
পরিবারের কোনো সদস্য বা বন্ধুকে নিয়ে প্রশ্নোত্তরের আসরও বসাতে পারেন। তাঁর ছোটবেলা, প্রথম চাকরি, জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কিংবা কঠিন কোনো অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। চাইলে মুঠোফোনে কথোপকথনটি রেকর্ড করেও রাখতে পারেন।
বাড়ির দাদা-দাদি, নানা-নানি কিংবা পরিবারের প্রবীণ সদস্যদের কাছে তাঁদের ছোটবেলা, পুরোনো দিনের উৎসব, পারিবারিক ইতিহাস ও জীবনের নানা অভিজ্ঞতার কথা শুনুন। এসব গল্প ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন।
মুঠোফোনের সাহায্যে পরিবারের সদস্যদের কথোপকথন রেকর্ড করে পরে তাঁদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। এতে ব্যক্তিগত স্মৃতিগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকবে।
মন দিয়ে শোনারও রয়েছে কিছু নিয়ম
কারও কথা মনোযোগ দিয়ে শোনার সময় মাঝপথে বাধা দেওয়া উচিত নয়। নিজের মতামত চাপিয়ে না দিয়ে বক্তার কথা বোঝার চেষ্টা করতে হবে। কথা বলার সময় মুঠোফোন সরিয়ে রাখা এবং বক্তার দিকে মনোযোগ দেওয়াও সক্রিয়ভাবে শোনার গুরুত্বপূর্ণ অংশ। শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বরং বোঝার জন্য শুনতে শিখতে হবে।
Leave a comment