ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। চার দিন ধরে জ্বরে ভোগার পর অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই গতিময় পেসার। পেজের অ্যাডমিনের দেওয়া পোস্টে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা ছিল তাঁর। তবে পুরোপুরি ফিট না হওয়ায় টেস্ট ও ওয়ানডে দলে জায়গা হয়নি এই পেসারের। নির্বাচকদের পরিকল্পনা ছিল, ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ চলাকালে তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা।
চোট-পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে গত মাসে অস্ট্রেলিয়ায় ছিলেন নাহিদ। সেখানে বোলিংও শুরু করেছিলেন তিনি। বোলিংয়ের সময় কোনো ব্যথা অনুভব না করায় তাঁর মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। নভেম্বর মাসজুড়ে নির্দিষ্ট পরিমাণ বোলিং করার লক্ষ্যও দেওয়া হয়েছিল তাঁকে।
তবে জ্বরে আক্রান্ত হওয়ায় গত দুই দিন অনুশীলনে বোলিং করতে পারেননি নাহিদ। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অসুস্থতা কাটিয়ে নাহিদ সেই সিরিজে অংশ নিতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।
Leave a comment