ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুনায়েদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরিয়ম ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার সেলিম বেপারির স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে মরিয়মের ১৩ বছর বয়সী মেয়ে ফারজানা কাগজ-কলম কেনার জন্য মায়ের কাছে ৫০০ টাকা চায়। এ নিয়ে মা-মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন মরিয়ম।
মাগরিবের নামাজের প্রায় ১০ মিনিট পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ১৫ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।
Leave a comment