টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট ও একটি পাকুড়গাছের। সনাতন ধর্মীয় রীতি মেনে গাছ দুটিকে বর-কনে সাজিয়ে অনুষ্ঠিত হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে শোভাযাত্রা, নাচ-গান ও পাঁচ শতাধিক মানুষের মধ্যাহ্নভোজের আয়োজন করেন গ্রামবাসী।
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামে এ আয়োজন করা হয়। প্রতীকী বিয়েতে পাকুড়গাছটির নাম রাখা হয় তীর্থ শিকদার এবং বটগাছটির নাম দেওয়া হয় শুক্লা সরকার।
বিয়েতে বর পাকুড়গাছকে ধুতি, গামছা ও টোপর পরানো হয়। অন্যদিকে কনে বটগাছকে সাজানো হয় হলুদ শাড়ি, লাল ব্লাউজ, শাঁখা ও সিঁদুরে। গাছ দুটিকে গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়ে বিয়ের মণ্ডপ তৈরি করা হয়।
২০০ বছরের পুরোনো গাছের স্মৃতি ধরে রাখতে আয়োজন
স্থানীয় বাসিন্দারা জানান, রুহিৎপুর গ্রামে প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও একটি পাকুড়গাছ পাশাপাশি বেড়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে গাছ দুটি এলাকার পরিচিত নিদর্শন হিসেবে দাঁড়িয়ে ছিল।
২০২৩ সালের অক্টোবরে ঝড়ে গাছ দুটি ভেঙে পড়ে। পরে পুরোনো গাছের স্মৃতি ধরে রাখতে স্থানীয়রা একই স্থানে নতুন করে বট ও পাকুড়ের চারা রোপণ করেন।
গত তিন বছরে চারা দুটি বড় হয়ে ওঠায় গ্রামের প্রবীণ ব্যক্তিরা প্রতীকীভাবে তাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
পাকুড়গাছটিকে গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের ছেলে এবং বটগাছটিকে বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের মেয়ে হিসেবে পরিচয় দেওয়া হয়।
শোভাযাত্রা, সাত পাক ও মধ্যাহ্নভোজ
বৃহস্পতিবার রাতে বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুক্রবার আয়োজন করা হয় বউভাতসহ অন্যান্য ধর্মীয় আচার।
এদিন সকাল থেকেই সাজানো বট-পাকুড়গাছ দেখতে আশপাশের গ্রামের মানুষ সেখানে জড়ো হন।
বেলা ১১টার পর বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। কয়েক শ নারী-পুরুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি রুহিৎপুর, ভাতগ্রাম ও বাগজান গ্রাম প্রদক্ষিণ করে।
এ সময় সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী জলসাওয়া বা গঙ্গাবরণের আনুষ্ঠানিকতাও পালন করা হয়।
পরে পুরোহিত মন্তোষ গোস্বামীর মন্ত্রপাঠের মাধ্যমে বিয়ের আচার সম্পন্ন করা হয়। প্রতীকী বর-কনে হিসেবে দুটি ছোট গাছ কোলে নিয়ে দুই নারী সাত পাক ঘোরেন।
অনুষ্ঠানে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের কয়েক শ মানুষ অংশ নেন। পাঁচ শতাধিক অতিথির জন্য মধ্যাহ্নভোজে ছিল সবজি-খিচুড়ি ও পায়েস।
মেয়ের স্মৃতি ধরে রাখতে বটগাছের বাবা হলেন মুক্তিযোদ্ধা
প্রতীকী বিয়েতে কনে বটগাছের বাবা হন বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকার। তিনি টাঙ্গাইলের কালিহাতীর আলাউদ্দিন সিদ্দিকী কলেজের সাবেক উপাধ্যক্ষ।
পবিত্র কুমার জানান, ১৯৯৬ সালে তাঁর ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। মেয়েকে হারানোর সেই স্মৃতি থেকেই তিনি বটগাছটিকে নিজের মেয়ের পরিচয় দিয়েছেন।
অন্যদিকে বর পাকুড়গাছের বাবা চিত্ত রঞ্জন শিকদার জানান, তাঁর দুই মেয়ে রয়েছে। প্রতীকীভাবে গাছটিকে ছেলে হিসেবে গ্রহণ করে পরিবারের সঙ্গে নতুন একটি সম্পর্ক তৈরি করেছেন তিনি।
বর ও কনেপক্ষের সদস্যরা জানান, এই বিয়েতে কোনো যৌতুকের বিষয় ছিল না। দুই পরিবারের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক ভবিষ্যতেও বজায় রাখতে চান তাঁরা।
ভাতগ্রাম কে আর এস ইনস্টিটিউটের বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের আহ্বায়ক মো. সোহাগ মিয়া বলেন, ব্যতিক্রমী এ আয়োজনের মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও বন্ধন তৈরি হয়েছে, তা অটুট থাকবে বলে তিনি আশা করেন।
Leave a comment