Home সাম্প্রতিক বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ডগুলো
সাম্প্রতিক

বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ডগুলো

Share
Share

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের তৈরি পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এসব ক্রয়াদেশ স্থানান্তর করা হয়, যার বড় অংশ পেয়েছে প্রতিবেশী ভারত।

শুক্রবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বাংলাদেশের তিনজন পোশাক কারখানার মালিকের বরাত দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ অন্য এশীয় উৎপাদন কেন্দ্রে সরিয়ে নিয়েছে।

শিল্পসংশ্লিষ্টদের মতে, শ্রমিক আন্দোলনের কারণে কারখানা বন্ধ থাকা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারার আশঙ্কায় বিদেশি ক্রেতারা বিকল্প বাজারের দিকে ঝুঁকছেন।

উৎপাদনে ৪০ কোটি ডলারের বেশি ক্ষতি

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, চলমান শ্রমিক অসন্তোষের কারণে দেশের পোশাকশিল্পে এখন পর্যন্ত ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে।

দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। পাশাপাশি উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এ শিল্পের ওপর নির্ভরশীল।

শিল্পনেতারা জানিয়েছেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা কমে যাচ্ছে।

এর মধ্যে বুধবার (২৫ নভেম্বর) সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেয়। তবে শ্রমিকদের দাবির তুলনায় এই বৃদ্ধি অনেক কম হওয়ায় বিভিন্ন শিল্পাঞ্চলে নতুন করে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে সন্তোষজনক উল্লেখ করে শনিবার থেকে শ্রমিকেরা কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।

ক্রয়াদেশ সরিয়ে নেওয়ার সুবিধা পাচ্ছে ভারত

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে স্থানান্তরিত ক্রয়াদেশের সবচেয়ে বড় অংশ পেয়েছে ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন আন্তর্জাতিক ক্রেতারা।

ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরের খবর প্রকাশের পর ভারতের কয়েকটি বস্ত্র ও পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

গোকলদাস এক্সপোর্টসের শেয়ার একপর্যায়ে ১১ শতাংশ পর্যন্ত এবং ট্রাইডেন্টের শেয়ার প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পায়। এ ছাড়া ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল ও বর্ধমান টেক্সটাইলসের শেয়ার প্রায় ২ শতাংশ করে বেড়েছে।

এদিকে রয়টার্সের প্রশ্নের জবাবে জারার মূল প্রতিষ্ঠান ইনডিটেক্স মন্তব্য করতে রাজি হয়নি। এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার ও সেলিও কোনো জবাব দেয়নি।

পণ্য সরবরাহে বাংলাদেশ পিছিয়ে

বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রেতারা এখন পণ্যের দামের পাশাপাশি নির্ধারিত সময়ে সরবরাহের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তাঁর তথ্যমতে, প্রতিযোগী দেশগুলো সাধারণত ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পণ্য উৎপাদন ও সরবরাহ করতে পারে। অন্যদিকে বাংলাদেশে এ প্রক্রিয়ায় প্রায় ১২০ দিন পর্যন্ত সময় লাগছে।

ভারত প্রায় এক সপ্তাহ এবং ভিয়েতনাম ও কম্বোডিয়া প্রায় ১৫ দিন কম সময়ে পণ্য সরবরাহের সুবিধা দিতে পারে বলে জানান তিনি।

চলমান শ্রমিক অসন্তোষের কারণে ঢাকার আশপাশের পোশাক কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ কর্মদিবস হারিয়েছে। ফলে নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে কিছু কারখানা অতিরিক্ত কর্মঘণ্টা এবং ব্যয়বহুল আকাশপথে পরিবহনের বিষয়টি বিবেচনা করছে।

নতুন ক্রয়াদেশ বন্ধের অভিযোগ

আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে নভেম্বরের শুরু থেকে তাঁর বেশির ভাগ বিদেশি ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন।

তাঁর দাবি, কয়েকজন ক্রেতা ইতিমধ্যে ক্রয়াদেশ স্থগিত, বাতিল অথবা অন্য দেশে স্থানান্তরের কথা জানিয়েছেন।

অন্যদিকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তর করা হলেও বিদেশি ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার চেষ্টা চলছে।

শিল্পসংশ্লিষ্টদের আশঙ্কা, বর্তমানে অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশ ভবিষ্যতে স্থায়ীভাবে সেসব দেশের উৎপাদনকারীদের কাছে চলে যেতে পারে।

তাঁদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে শ্রমিক অসন্তোষ নিরসন, উৎপাদন স্বাভাবিক রাখা, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিদেশি ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনা জরুরি।

সূত্র: রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চিকিৎসা কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

চিকিৎসাসেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি, মুঠোফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহের...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ...

Related Articles

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার...

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক...

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত...

;