জার্মানির একটি শিশুদের খেলার মাঠে বেঞ্চে বসে কান্না করার সময় ২৫ ইউরো জরিমানার মুখে পড়েছেন ৩১ বছর বয়সী এক নারী। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় সাড়ে তিন হাজার টাকা। তবে কান্না করার জন্য নয়, সঙ্গে কোনো শিশু ছাড়া খেলার মাঠে অবস্থান করায় স্থানীয় পৌরবিধি অনুযায়ী তাঁকে জরিমানা করা হয়েছে।
গত ২৫ অক্টোবর জার্মানির গেলজেনকির্শেন শহরের গ্লুকআউফ পার্কে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম ডব্লিউডিআরের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, হানা নামের ওই নারী পড়াশোনা ও আর্থিক সংকটের কারণে বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ছিলেন। কিছুটা স্বস্তি পেতে তিনি পার্কে হাঁটতে বের হন। একপর্যায়ে শিশুদের খেলার মাঠের একটি বেঞ্চে বসে স্বজনের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন।
এমন পরিস্থিতিতে পৌরসভার তিনজন কর্মকর্তা তাঁর কাছে এসে জানতে চান, সেখানে খেলতে থাকা দুই শিশু তাঁর সন্তান কি না।
হানা জানান, শিশুরা তাঁর সন্তান নয়। এরপর শিশু ছাড়া খেলার মাঠে অবস্থানের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁকে ২৫ ইউরো জরিমানা করেন কর্মকর্তারা।
জরিমানার ঘটনায় ক্ষোভ
ঘটনার পর পৌর কর্মকর্তাদের আচরণে অসন্তোষ প্রকাশ করেন হানা।
তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি তখন প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন এবং কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলেন।
হানা প্রশ্ন তোলেন, কাউকে কান্না করতে দেখলে আগে তাঁর খোঁজ নেওয়া কিংবা সাহায্যের প্রয়োজন আছে কি না, তা জানতে চাওয়া উচিত নয় কি?
তিনি বলেন, কর্মকর্তারা চাইলে প্রথমে তাঁকে নিয়মের বিষয়টি বুঝিয়ে সতর্ক করতে পারতেন।
এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রতিক্রিয়া দেখা দেয়।
অনেকে মনে করেন, সাময়িকভাবে বিশ্রাম নেওয়ার জন্য একজন নারীকে জরিমানা করা অযৌক্তিক। স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই বেঞ্চে বসে আসছেন, কিন্তু আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হননি।
যা বলছে পৌর কর্তৃপক্ষ
গেলজেনকির্শেন শহরের পৌরবিধি অনুযায়ী, শিশুদের খেলার মাঠ মূলত ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সংরক্ষিত। শিশুদের সঙ্গে থাকা অভিভাবক কিংবা তত্ত্বাবধায়কেরা সেখানে অবস্থান করতে পারেন।
তবে কোনো শিশুর দেখাশোনার দায়িত্ব ছাড়া প্রাপ্তবয়স্কদের খেলার মাঠে অবস্থান সাধারণত অনুমোদিত নয়।
শহর কাউন্সিলের সদস্য সিমন নোভাক এ নিয়মের পক্ষে অবস্থান নিয়ে জানান, শিশুদের নিরাপত্তার স্বার্থে খেলার মাঠে প্রাপ্তবয়স্কদের প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।
পৌর কর্তৃপক্ষের দাবি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত এবং খেলার মাঠের অননুমোদিত ব্যবহার বন্ধ করতে এ ধরনের বিধান রয়েছে।
জরিমানা বাড়ানোর প্রস্তাব
এদিকে শিশু ছাড়া খেলার মাঠে অবস্থানসহ নিয়ম লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব নিয়েও আলোচনা চলছে শহর কাউন্সিলে।
বর্তমানে অননুমোদিতভাবে শিশুদের খেলার মাঠে অবস্থান করলে সর্বোচ্চ ৫৫ ইউরো জরিমানার বিধান রয়েছে। নতুন প্রস্তাবে তা বাড়িয়ে ৬০ ইউরো করার কথা বলা হয়েছে।
তবে প্রস্তাবটি কার্যকর হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে জার্মানিতে জনপরিসরে আইন প্রয়োগের ক্ষেত্রে মানবিক বিবেচনা ও কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ব্যবহার নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
সূত্র: ডব্লিউডিআর, জার্মানি
Leave a comment