যুক্তরাজ্যের মার্সিসাইডে নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে এক মা ও তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাতের সঙ্গে একটি লিথিয়াম-আয়ন ব্যাটারির সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
গত ২২ সেপ্টেম্বর ভোররাতে মার্সিসাইডের বুটলের স্টোন স্কয়ার এলাকার একটি দোতলা সেমি-ডিটাচড বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে বাড়িটির একটি শোবার ঘর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় গুরুতর দগ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতেরা হলেন ৩৬ বছর বয়সী এলিশা ব্র্যাবিন এবং তাঁর তিন সন্তান—১৬ বছর বয়সী লিও, আট বছর বয়সী এলিস ও সাত বছর বয়সী প্রুডেন্স।
মার্সিসাইড ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস ও পুলিশের যৌথ তদন্তে বলা হয়েছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ধরনের ব্যাটারি সাধারণত ই-বাইক ও ই-স্কুটারে ব্যবহার করা হয়।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। তবে বাড়ির ভেতরে আগুনের তীব্রতা বেশি থাকায় উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা কেভ জনসন বলেন, ঘটনাটি লিথিয়াম-আয়ন ব্যাটারির ব্যবহারের ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। ব্যাটারি ফুলে যাওয়া, অস্বাভাবিক শব্দ হওয়া বা ধোঁয়া বের হওয়ার মতো লক্ষণ দেখা দিলে তা ব্যবহার বন্ধ করার পরামর্শ দেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এলিশা তাঁর সন্তানদের নিয়ে থাকতেন। তাঁদের চারজনের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে।
Leave a comment