প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছবি তোলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা ম্যাকাও পাখিটি এখন জাতীয় প্রাণিসম্পদ মেলার অন্যতম আকর্ষণ। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত মেলায় পাখিটির সঙ্গে ছবি তুলতে ভিড় করছেন দর্শনার্থীরা। এ জন্য গুনতে হচ্ছে ১০০ টাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এ সময় ম্যাকাও পাখির সঙ্গে তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পাখিটি নিয়ে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। শুক্রবার (২৭ নভেম্বর) মেলা প্রাঙ্গণে পাখিটির প্রদর্শনী স্টলের সামনে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ পাখিটির সঙ্গে ছবি তুলতে লাইনে দাঁড়ান। কেউ ছবি তোলেন, কেউ আবার ভিডিও ধারণ করেন।
ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে বন্ধুদের সঙ্গে মেলায় আসেন ইমরান হাসান চৌধুরী। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ম্যাকাও পাখিটির ছবি দেখেই মেলায় আসার সিদ্ধান্ত নেন। জুমার নামাজ শেষে বন্ধুদের নিয়ে মেলায় এসে প্রায় ২০ মিনিট অপেক্ষার পর ১০০ টাকা দিয়ে পাখিটির সঙ্গে ছবি তোলেন তিনি।
বসুন্ধরা এলাকা থেকে আসা আরেক দর্শনার্থী সানি মজুমদার জানান, পাখির সঙ্গে ছবি তুলতে প্রথমে ১০০ টাকা দিয়ে টোকেন নিতে হয়। এরপর লাইনে দাঁড়িয়ে পছন্দের পাখির সঙ্গে তিন থেকে চার মিনিট ছবি তোলার সুযোগ পাওয়া যায়। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটিকে নিয়েই দর্শনার্থীদের আগ্রহ সবচেয়ে বেশি।
ম্যাকাও পাখিটির প্রদর্শনীর আয়োজন করেছে ‘বার্ড মেনিয়া’ নামের একটি প্রতিষ্ঠান। আয়োজকদের ভাষ্য, বিভিন্ন প্রদর্শনীতে ম্যাকাওসহ নানা প্রজাতির পাখির সঙ্গে ছবি তোলার জন্য নির্ধারিত মূল্য নেওয়া হয়। এ মেলাতেও একই নিয়মে দর্শনার্থীদের কাছ থেকে ১০০ টাকা নেওয়া হচ্ছে।
তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পশুপাখি প্রদর্শন করা হচ্ছে। মেলায় বড় আকৃতির ষাঁড়, দুম্বা, ভেড়া, বিদেশি কুকুর-বিড়ালসহ নানা জাতের পাখি রয়েছে। তবে এসব আয়োজনের মধ্যেও প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলা ম্যাকাও পাখিটি দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে।
Leave a comment