গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি বা দুটি বিষয় পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা অযথা বসে থাকুক, মাদকাসক্ত হোক কিংবা মোবাইলে আসক্ত হোক—আমরা তা চাই না।’
তিনি বলেন, কোথাও কোথাও অপ্রয়োজনীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠান হয়নি। বিগত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে এ ধরনের সমন্বয়ের অভাব ছিল।
শিক্ষাব্যবস্থার উন্নয়নে অতীতের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে শিক্ষার প্রসার ও আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন করা হয়। এ ছাড়া ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের মাধ্যমে উচ্চশিক্ষার প্রসার ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল।
Leave a comment