দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে থেকে চাকরির জন্য যেতে আগ্রহী দক্ষ কর্মীদের জন্য দেশটিতে কাজের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অভিবাসন পরামর্শক প্রতিষ্ঠান ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান।
দুবাইয়ে আয়োজিত গালফ নিউজ লেভেলআপ অনুষ্ঠানে এক আলোচনায় তিনি এ তথ্য জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে পূরণ করার মতো চাকরির সংখ্যা প্রায় ৩০ লাখ। এর মধ্যে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদই জার্মানিতে।
ক্লিন্ট খান বলেন, ইইউর মোট চাকরির চাহিদার প্রায় ২৫ শতাংশ জার্মানিতে। এতে দেশটিতে দক্ষ পেশাজীবীদের চাহিদার বিষয়টি স্পষ্ট হয়।
ইইউর বাইরের দেশের নাগরিকদের জন্য জার্মানিতে যাওয়ার একটি পথ হলো ‘অপরচুনিটি কার্ড’ বা শান্সেনকার্টে। এই ব্যবস্থায় নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী ব্যক্তিরা চাকরির চুক্তি আগে থেকে নিশ্চিত না করেও জার্মানিতে গিয়ে চাকরি খুঁজতে পারেন। এ জন্য সর্বোচ্চ ১২ মাসের আবাসন অনুমতি পাওয়া যায়।
ক্লিন্ট খান বলেন, অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার পাশাপাশি শুরুতে খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। পরে পূর্ণকালীন চাকরি পেলে এবং নিয়োগকর্তার কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে উপযুক্ত ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা যায়।
বিদেশে যাওয়ার আগে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা জরুরি বলে মনে করেন ক্লিন্ট খান। তাঁর মতে, কেউ বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান, নাকি ভবিষ্যতে সেখানে স্থায়ীভাবে বসবাসের পথ তৈরি করতে চান—প্রথমে তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
তিনি বলেন, উচ্চশিক্ষার জন্য কোনো দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে কোর্স, খরচ, যোগ্যতা এবং পড়াশোনা শেষে চাকরির সুযোগ বিবেচনা করা উচিত। শুধু বিদেশ যাওয়ার সুযোগ হিসেবে কোনো দেশে পড়াশোনা করতে যাওয়া ঠিক নয়।
উচ্চশিক্ষার পরিবর্তে দক্ষ কর্মী হিসেবে বিদেশে যাওয়ার পথও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। জার্মানির পাশাপাশি অস্ট্রেলিয়া ও কানাডায় দক্ষ কর্মীদের জন্য বিভিন্ন অভিবাসন ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
তাঁর পরামর্শ, বিদেশে পড়াশোনা বা চাকরির সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচ বছর বা তার বেশি সময়ের সম্ভাব্য পরিকল্পনা বিবেচনা করা উচিত। কোন দেশে গেলে পড়াশোনা শেষে চাকরি বা দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ তৈরি হতে পারে, সেটিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
সূত্র: গালফ নিউজ
Leave a comment