ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে ফিরে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না। কোনো সম্ভাবনাই নেই।’
শেখ হাসিনা ও তাঁর দলের শাসনামলে বাংলাদেশে চালানো ধ্বংসযজ্ঞের স্মৃতি জাদুঘরের মাধ্যমে মানুষের মনে জাগরুক রাখা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, শুধু শেখ হাসিনা নন, তাঁর দল বাংলাদেশে কী করেছে এবং কী পরিমাণ বিপর্যয় ঘটিয়েছে, প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরা হবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই দলটিরও কবর হোক জনগণের মনের দিক থেকে। এটি গায়ের জোরের কিছু নয়, বরং জনগণ যাতে তাঁদের প্রত্যাখ্যান করে, আমরা সেই ধরনের চেষ্টা চালিয়ে যাব।’
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের বেদনার কথা স্মরণ করে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রত্যেক শহীদ পরিবারের কষ্ট ও হাহাকার একই রকম। যে পরিবারের সন্তান মারা গেছে, তা কেবল একজন মানুষের মৃত্যু নয়, বরং পুরো পরিবারের জন্য অপূরণীয় শূন্যতা।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, বলপ্রয়োগ করে দীর্ঘ ১৮ বছর ক্ষমতায় থেকে নির্বাচনব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিনা ভোট ও রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার পরিণতিই ছিল জুলাই গণ-অভ্যুত্থান।
Leave a comment