চাঁদপুরে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন খামারের মালিক আকবর গাজী। তবে গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আকবর গাজীর খামারে এ ঘটনা ঘটে।
খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও গরুগুলোকে খাবার দেওয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে।
পরিস্থিতির অবনতি হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। তবে মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায় বলে জানান তত্ত্বাবধায়ক।
পরে মৃত গরুর সংখ্যা পাঁচটি হয়েছে বলে দাবি করেন খামারের মালিক।
সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বিষ প্রয়োগের সন্দেহ
খামারের মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে।
তাঁদের সন্দেহ, সেই বিরোধের জেরে পরিবারের অন্য দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে থাকতে পারেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, গরুগুলোর মৃত্যু বিষ প্রয়োগে হয়েছে, নাকি অন্য কোনো কারণে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন।
খাবার ও রক্তের নমুনা সংগ্রহ
ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, পরীক্ষার জন্য জবাই করা একটি গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ময়নাতদন্ত এবং সংগৃহীত নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভেটেরিনারি সার্জন আরও জানান, খাবারে বিষ প্রয়োগের অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। পরীক্ষার ফলাফল ও তদন্তের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
Leave a comment