চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত রায়হান পুলিশের কাছে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করেছেন। তবে আত্মসমর্পণের পর নিজের নিরাপত্তা এবং ভবিষ্যতে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে নতুন মামলায় জড়ানোর আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী-ফটিকছড়ি সার্কেল) কাজী মো. তারেক আজিজকে হোয়াটসঅ্যাপে কল করে এসব উদ্বেগ জানান রায়হান।
রায়হান ও পুলিশ কর্মকর্তার মধ্যে ৯ মিনিট ৫২ সেকেন্ডের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকাশিত ভিডিওতে রায়হানকে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করতে শোনা যায়। তবে পুলিশের হেফাজতে যাওয়ার পর তাঁর নিরাপত্তা নিশ্চিত হবে কি না, তা নিয়ে উদ্বেগ জানান তিনি।
পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলে নতুন মামলায় জড়িয়ে হয়রানির শিকার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন রায়হান।
কথোপকথনে অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ তাঁকে নিরাপত্তার আশ্বাস দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, তিনি দায়িত্বে থাকা অবস্থায় রায়হানের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবেন। এ ছাড়া বিদ্যমান মামলাগুলোর বাইরে নতুন করে মামলা না দেওয়ার আশ্বাসও দেন বলে প্রকাশিত কথোপকথনে শোনা যায়।
তবে রায়হান কবে ও কোথায় আত্মসমর্পণ করবেন, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
Leave a comment