পছন্দের রোস্ট করা রাজহাঁস খেতে বছরে তিনবার হংকং যান সিঙ্গাপুরের আইনজীবী সুনীল সুধীসান। কয়েক দশক ধরে নিজের দেশে এই খাবারটির দেখা মেলে না বললেই চলে। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চীনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপ্রদেশ হাইনান থেকে রাজহাঁসের মাংস আমদানির অনুমোদন দিয়েছে সিঙ্গাপুর।
সোমবার সিঙ্গাপুর ও চীনের দ্বিপক্ষীয় সহযোগিতাবিষয়ক যৌথ পরিষদের ২২তম বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। রাজহাঁসের পাশাপাশি হাইনান থেকে বিভিন্ন ধরনের হাঁস-মুরগি, শূকরের মাংস ও ডিম আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে।
১৯৯০-এর দশকের শেষ দিকে এবং ২০০০-এর দশকের শুরুর দিকে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের কারণে হাঁস-মুরগি আমদানিতে বিধিনিষেধ কঠোর করে সিঙ্গাপুর। ২০০৪ সালে এইচ৫এন১ ভাইরাস ছড়িয়ে পড়ার পর চীনের মূল ভূখণ্ড থেকে মুরগি, হাঁস ও রাজহাঁসসহ সব ধরনের কাঁচা ও শীতলীকৃত হাঁস-মুরগির মাংস আমদানি স্থগিত করা হয়। এরপর দেশটির অনেক রেস্তোরাঁয় রাজহাঁসের পরিবর্তে সাধারণ হাঁস পরিবেশন শুরু হয়।
খাদ্য সরবরাহের উৎসে বৈচিত্র্য আনা এবং খাদ্যনিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। হাইনানের খামার, জবাইখানা ও সরকারি গবেষণাগার পরিদর্শনের পর আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
তবে নতুন অনুমোদিত উৎস থেকে আসা প্রথম তিনটি চালান বাজারজাত করার আগে নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
Leave a comment