মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দেশটির সামরিক বাহিনী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জান্তাবিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি)। নিহত ব্যক্তিদের মধ্যে নারী, শিশু ও বিদ্রোহী যোদ্ধারা রয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এনইউজির বরাতে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এনইউজি ও স্থানীয় বিদ্রোহী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে মাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে শহরের একটি স্কুল ও বৌদ্ধবিহার এলাকায় বিমান হামলা চালানো হয়। ওই সময় সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল।
বিরোধী পক্ষের যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে, হামলায় বিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা ফেলা হয়। পাশাপাশি কামানের ১২টি গোলা ও সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।
এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট জানান, হামলায় অন্তত নয়জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় ওই এলাকায় কোনো সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটিতে যাতায়াত করলেও সেখানে নিয়মিত সামরিক কার্যক্রম ছিল না বলে দাবি করেন তিনি।
অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থক কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে, বিদ্রোহীদের একটি সমাবেশ ও স্নাতক সমাপনী অনুষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে শনিবার পর্যন্ত দেশটির সামরিক বাহিনী বা জান্তা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হামলার নিন্দা জানিয়ে এনইউজি ও স্থানীয় বিদ্রোহী কর্তৃপক্ষ ঘটনাটিকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে হামলার তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
এনইউজির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের অক্টোবরের শেষ পর্যন্ত মিয়ানমারে ১৫ হাজারের বেশি বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।
এ ছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে উড়োজাহাজের জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তি সরবরাহ বন্ধে জাতিসংঘ, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিরোধী পক্ষ।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে সশস্ত্র সংঘাত চলছে। দীর্ঘদিনের এ সংঘাতে প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সর্বশেষ বিমান হামলায় হতাহতের সংখ্যা ও ঘটনার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
Leave a comment