বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সুনির্দিষ্ট কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার বিষয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, এ নিয়ে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। তবে বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখা, অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়টিকে গুরুত্ব দেয় ইউরোপীয় ইউনিয়ন।
সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি মনে করেন। তবে যেকোনো অস্থিরতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুপাতিক ও পরিমিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, আগামী বছরগুলোতে বাণিজ্য, বিনিয়োগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, অভিবাসন, যোগাযোগ ও নিরাপত্তা খাতে সহযোগিতা সম্প্রসারণ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।
তিনি জানান, প্রচলিত দাতা-গ্রহীতা সম্পর্কের বাইরে গিয়ে বাংলাদেশের সঙ্গে আরও বিস্তৃত অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী ইইউ।
ডিসেম্বরে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও অনুষ্ঠানে কথা বলেন মাইকেল মিলার।
তিনি জানান, আগামী ডিসেম্বরে ঢাকায় সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে প্রথম সরাসরি আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইইউ।
রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখন একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা ও পরিধি যাচাই করছি।’
তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের চুক্তি হলে উভয় পক্ষের স্বার্থ, পারস্পরিক সুবিধা, ভারসাম্যপূর্ণ অঙ্গীকার এবং বাস্তবায়নযোগ্য শর্ত নিশ্চিত করতে হবে।
বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা ও সুশাসনের বিষয়গুলো গুরুত্বপূর্ণ থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর ইউরোপের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক সুবিধায় পরিবর্তন আসবে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
তিনি সতর্ক করেন, শ্রম ব্যয় বৃদ্ধি এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ইইউর মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত ভবিষ্যতে প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
এ জন্য প্রয়োজনীয় সংস্কার এবং বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
আগামী জুনে ব্রাসেলস সফরের পরিকল্পনা প্রধানমন্ত্রীর
মাইকেল মিলার জানান, আগামী বছরের জুনে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রাসেলস সফরের পরিকল্পনা রয়েছে।
এ সফর বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের সুযোগ তৈরি করতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যৌথভাবে আগামী বছরের ৫ ও ৬ এপ্রিল ঢাকায় বাংলাদেশ-ইইউ ব্যবসা ও বিনিয়োগ ফোরাম আয়োজনের কথা জানান রাষ্ট্রদূত।
এ আয়োজনে তৈরি পোশাক, চামড়া, কৃষিভিত্তিক ব্যবসা, সরবরাহব্যবস্থা ও যোগাযোগ খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
ইইউর ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের আওতায় বাংলাদেশের পরিবহন, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো ও লজিস্টিকস খাতে সহযোগিতা সম্প্রসারিত হচ্ছে বলেও জানান তিনি।
এ ক্ষেত্রে চট্টগ্রামের লালদিয়া গ্রিন কনটেইনার টার্মিনাল, রেলওয়ের আধুনিকায়ন এবং বৈদ্যুতিক রেল প্রকল্পের উদাহরণ তুলে ধরেন ইইউ রাষ্ট্রদূত।
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে সমর্থন
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থন অব্যাহত রয়েছে।
তিনি জানান, ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য ৫০ কোটি ইউরোর বেশি মানবিক সহায়তা দিয়েছে ইইউ। এর মধ্যে শুধু ২০২৬ সালেই দেওয়া হয়েছে ৩ কোটি ১৫ লাখ ইউরো।
পাশাপাশি কক্সবাজারে ৫ কোটি ইউরোর উন্নয়ন সহযোগিতা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার বিচারিক কার্যক্রমের প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত বলেন, জবাবদিহি নিশ্চিত করার আন্তর্জাতিক প্রচেষ্টায় সহযোগিতা করে আসছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে আদালতে রোহিঙ্গাদের সাক্ষ্য দেওয়ার প্রক্রিয়া সহজ করার বিষয়টিও রয়েছে।
বাংলাদেশের নতুন রোহিঙ্গা কৌশল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব ভাগাভাগির উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের জন্য পারস্পরিক আস্থা ও নির্ভরযোগ্য অংশীদারত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস। এ সময় বাংলাদেশে ইইউ প্রতিনিধিদলের উপপ্রধান বাইবা জারিনাও উপস্থিত ছিলেন।
Leave a comment