বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ অন্যান্য পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের কারও কারও দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আহত পুলিশ সদস্যদের কারও মাথায় আঘাত লেগেছে, কারও হাড় ভেঙেছে। তাঁদের অনেকে ইতিমধ্যে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে আরও দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে। কারও কারও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার আগেই মানসিকভাবে প্রস্তুত থাকেন। নিয়োগের সময় তাঁরা শপথ নেন, প্রয়োজনে প্রাণের বিনিময়েও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং আইনশৃঙ্খলা রক্ষা করবেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলার মধ্যে এসেছে এবং জনআস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করেছে। শ্রমিক অসন্তোষের সময় পুলিশ সদস্যরা নিজেরা গুরুতর আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। এতে কোনো শ্রমিক আহত বা নিহত হননি। বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বদ্ধপরিকর। তারা সব সময় প্রস্তুত থাকে। অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বিবেচনায় রেখেই পুলিশ ও অন্যান্য বাহিনী কাজ করে।
সাম্প্রতিক জ্বালাও-পোড়াও এবং নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে শ্রমিক পরিচয়ধারী কিছু ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছেন। তাঁরা সফল হবেন না বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। দেশের দু-একটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিল হয়েছে বলে তিনি শুনেছেন ও দেখেছেন। এগুলো বিচ্ছিন্ন ঘটনা।
সীমান্ত এলাকায় অপতৎপরতা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তাঁদের জানা নেই। তবে সীমান্তের এপারে দেশের ভেতরে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।
বাংলাদেশ দখল নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। এ ছাড়া কারও অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের জবাব তিনি দেবেন না।
Leave a comment