বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অর্থ বিভাগের এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। শৃঙ্খলাভঙ্গের দায়ে বিভাগীয় তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাধ্যতামূলক অবসর পাওয়া কর্মকর্তা হলেন মো. রায়হানুল ইসলাম। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১০) হিসেবে কর্মরত ছিলেন। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সময় তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অর্থ বিভাগের প্রশাসন-৪ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. রায়হানুল ইসলাম গত ৫ জানুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। টানা ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ২০২৬ সালের ১ নম্বর বিভাগীয় মামলা করা হয়। গত ১৫ মার্চ অভিযোগনামা ও অভিযোগের বিবরণী তাঁর কাছে এবং স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়।
নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব না দেওয়ায় অভিযোগ তদন্তে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
গত ১ জুলাই তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেন। এতে রায়হানুল ইসলামের বিরুদ্ধে আনা অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মতামত দেওয়া হয়।
পরে তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে তাঁকে চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো গুরুদণ্ড দেওয়ার বিষয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। গত ২৭ জুলাই ওই নোটিশ দেওয়া হয়।
নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে রায়হানুল ইসলাম লিখিত জবাব দিলেও তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি।
এরপর বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে গুরুদণ্ড আরোপের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ চাওয়া হয়।
বিষয়টি পর্যালোচনা করে পিএসসি তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পরামর্শ দেয়।
পিএসসির পরামর্শ, বিভাগীয় তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র বিবেচনা করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(খ) অনুযায়ী মো. রায়হানুল ইসলামকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Leave a comment