Home জাতীয় সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
জাতীয়

সমুদ্রসীমার নিরাপত্তায় ইতালির সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

Share
Share

সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে প্রশিক্ষণ বিনিময়, কারিগরি সহায়তা, টহল জাহাজ সংগ্রহ এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতার প্রশংসা করেন তিনি। বিশেষ করে ইতালির নৌবাহিনীর চারটি মিনার্ভা শ্রেণির করভেট জাহাজ সংস্কার করে বাংলাদেশকে দেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে অফশোর প্যাট্রোল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত এসব জাহাজ বঙ্গোপসাগরে নজরদারি ও টহল কার্যক্রমের সক্ষমতা বাড়িয়েছে।

বৈঠকে গভীর সমুদ্রে টহল কার্যক্রম আরও জোরদার করতে ভবিষ্যতে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে উপযুক্ত দেশ থেকে সমুদ্র ও উপকূলীয় টহল জাহাজ সংগ্রহের বিষয়ে আলোচনা হয়।

এ ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি বাংলাদেশসহ সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন ও মানবপাচার প্রতিরোধ কোর্স-২০২৬’ সম্পন্ন করেছে।

আগামী বছর এ প্রশিক্ষণ কার্যক্রমে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশ নিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তাদের ইতালিতে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা করতে সহযোগিতা চান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রশিক্ষণের সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম, জাহাজে অভিযান ও তল্লাশি, ড্রোন পরিচালনা, সামুদ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তথ্য বিশ্লেষণ।

ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন।

তিনি সামুদ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ, মহাকাশ ও আকাশপথভিত্তিক প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার ও পেশাগত বিনিময় কর্মসূচির মাধ্যমে দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খানসহ বাংলাদেশ ও ইতালির প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

১৮ বছরের আগে বিয়ে হয় ২৫ শতাংশ মেয়ের

শৈশবের দুরন্তপনা আর কৈশোরের স্বপ্ন পূরণের আগেই অনেক মেয়েশিশুর জীবনে নেমে আসছে...

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালককে কেন প্রার্থী করল জামায়াত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কর্নেল (অব.)...

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা, পাঁচ লিটারের বোতলে ১৫ টাকা

প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও...

;