জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে।
তবে বৈঠকের সময় ও স্থান এখনো চূড়ান্ত হয়নি। নাশকতাবিরোধী ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই এ আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের এ উদ্যোগ নেওয়া হয়।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলাসহ সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এর মধ্যে থানা ও একাধিক সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে।
এ ছাড়া সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব পৃথক হামলা ও নাশকতার ঘটনায় বিএনপির একাধিক নেতাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
Leave a comment