জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিশেষ তহবিল থেকে ২ কোটি মার্কিন ডলার পাচ্ছে নেপাল। ‘ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ’ নামের তহবিল থেকে সহায়তা পাওয়া প্রথম দেশ নেপাল।
গত ২৬ আগস্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপুল ক্ষয়ক্ষতির পর গত ৩১ আগস্ট জাতিসংঘের তহবিলে জরুরি সহায়তার আবেদন করে নেপাল সরকার। দেশটির হিসাবে, ওই দুর্যোগে অবকাঠামো ও অর্থনীতিতে ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ কোটি ডলার।
চীনের তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় পাথর ও বরফধসের পর নেপালে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে বাড়িঘর, জলবিদ্যুৎকেন্দ্র, সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। দুর্যোগে প্রায় ১৫ হাজার পরিবারের ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রাণহানি ঘটেছে অন্তত ১ হাজার ৫০০ জনের। নিখোঁজ রয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।
২০২৩ সালে জলবায়ুজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিতে জাতিসংঘ এই তহবিল গঠন করে। তবে তহবিলের নীতিমালা অনুযায়ী, একটি প্রকল্পের আওতায় সর্বোচ্চ ২ কোটি ডলার সহায়তা পাওয়া যায়। ফলে নেপালের মোট ক্ষয়ক্ষতির তুলনায় বরাদ্দের পরিমাণ খুবই সামান্য।
বরাদ্দ নিয়ে অসন্তোষ জানিয়েছেন নেপালের জলবায়ু আন্দোলনকর্মী ও সাবেক সংসদ সদস্য রাজেন্দ্র বাগজাইন। তাঁর মতে, বিপুল ক্ষয়ক্ষতির তুলনায় এই অর্থ যথেষ্ট নয়। তিনি বরাদ্দকে প্রকৃত ত্রাণের পরিবর্তে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি একধরনের অবমাননা বলে মন্তব্য করেছেন।
তবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই বরাদ্দকে জলবায়ু ন্যায়বিচারের ক্ষেত্রে ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছে। সংস্থাটির মতে, তহবিলটি কার্যক্রম শুরুর পর আকস্মিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো দেশকে সহায়তার ক্ষেত্রে এটিই প্রথম আনুষ্ঠানিক অনুমোদন।
ইউএনডিপি জানিয়েছে, বরাদ্দের অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, অবকাঠামো পুনর্নির্মাণ এবং টেকসই জীবিকা গড়ে তুলতে ব্যয় করা হবে।
এদিকে তহবিলটির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন পর্যন্ত উন্নয়নশীল দেশগুলো ১৭৬টি আবেদনের মাধ্যমে মোট ২৮০ কোটি ডলার সহায়তা চেয়েছে। বিপরীতে উন্নত দেশগুলো এই তহবিলে মাত্র ৮০ কোটি ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।
বলেছেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে নেপালের অবদান নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাঁর মতে, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য দ্রুত ও পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করা জরুরি।

Leave a comment