খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও দেশটির গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠাতে দিল্লির তিনটি আদালতের সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।
১৩ নভেম্বর তারিখযুক্ত এক আদেশে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা এ নির্দেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, অজিত দোভালকে সমন পৌঁছে দিতে দিল্লির পাতিয়ালা হাউস আদালতের সহায়তা চাওয়া হয়েছে। অন্যদিকে সামন্ত গোয়েলের কাছে সমন পাঠাতে দ্বারকা ও তিস হাজারি আদালতের সহযোগিতা চাওয়া হয়।
এর আগে কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ায় সমন পাঠানোর চেষ্টা সফল না হওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে ভারতীয় আদালতগুলোর সহায়তা চাওয়া হয়েছে। এ ক্ষেত্রে হেগ কনভেনশন ও ভারতের দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান অনুসরণ করা হচ্ছে।
আদালতের নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্র সফরের সময় অজিত দোভালের কাছে সমন পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে নিরাপত্তাকর্মীদের বাধায় তা সম্ভব হয়নি। ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমেও সমন পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আইনজীবী ও খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দেওয়ানি মামলাটি করেন। এতে অজিত দোভাল, সামন্ত গোয়েলসহ কয়েকজন ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে তাঁকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়। মামলায় ক্ষতিপূরণও দাবি করেছেন পান্নুন।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পক্ষ থেকে অভিযোগগুলোকে মনগড়া ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সমন পাঠানোর উদ্যোগের অর্থ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া নয়। এটি মূলত মামলার আইনি প্রক্রিয়ার অংশ।
যুক্তরাষ্ট্রে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে চলমান ফৌজদারি মামলা থেকে এই দেওয়ানি মামলাটি পৃথক। দেওয়ানি মামলায় মার্কিন সরকার কোনো পক্ষ নয়।
ভারতীয় আদালতগুলোর সহায়তায় সমন পাঠানোর নির্দেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তা পৌঁছেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
Leave a comment