রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পটকা ফাটিয়ে পালানোর ঘটনায় এক তরুণকে খুঁজছে পুলিশ। তাঁকে শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
শুক্রবার (২০ নভেম্বর) আরএমপির অফিশিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করে ওই তরুণের পরিচয় শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ১১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ওই এলাকার ২ নম্বর সড়কে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবন অবস্থিত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এক তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিকট শব্দে পটকা ফাটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে শব্দটিকে ককটেল বিস্ফোরণের শব্দ বলে ধারণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন।
ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে সন্দেহভাজন তরুণের চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি।
এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ছেলেটি পটকা ফাটিয়ে পালিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ককটেলের আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
ওসি আরও জানান, সন্দেহভাজন তরুণকে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে। তাঁকে আইনের আওতায় আনা হবে।
Leave a comment