ভারতে পাকিস্তানি নাটক ও বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে তাতে এসব অনুষ্ঠানের প্রতি ভারতীয় দর্শকদের আগ্রহ কমেনি। ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে কিংবা ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে তাঁরা পাকিস্তানি নাটক দেখছেন। সম্প্রতি পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের এমন আগ্রহ দেখা গেছে।
ভারতের নয়াদিল্লিতে নাটকটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন সাংস্কৃতিক আয়োজক আবু সুফিয়ান খান। এতে সর্বোচ্চ ৪৫ জন দর্শকের উপস্থিতি আশা করেছিলেন তিনি। কিন্তু প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনের বেশি। ভারতে নাটকটির আনুষ্ঠানিক সম্প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পর এর প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।
এদিকে সম্প্রতি বেঙ্গালুরুতে ‘দার-ই-নিজাত’-এর দুটি প্রদর্শনী বাতিল করা হয়েছে। আয়োজনের পোস্টার প্রকাশের পরই স্থানীয় কর্তৃপক্ষ প্রদর্শনী বন্ধের ব্যবস্থা নেয়। তবে নিষেধাজ্ঞা ও কড়াকড়ির মধ্যেও দর্শকদের আগ্রহ কমেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা স্লোগান দিচ্ছেন, ‘ধৈর্যের ফল নয়, আবু বকরকেই চাই।’
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিপিএন ব্যবহারের মাধ্যমে পাকিস্তানি নাটক দেখছেন ভারতের অনেক দর্শক। এতে পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলোর দর্শকসংখ্যাও বাড়ছে। ‘দার-ই-নিজাত’ সম্প্রচারিত হয় পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালে। চ্যানেলটির বিনোদন বিভাগের এক কর্মকর্তার ভাষ্য, তাদের মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়। তিনি বলেন, ‘এই যুগে আপনি কনটেন্টে প্রবেশ কঠিন করতে পারেন, কিন্তু আটকাতে পারবেন না।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিপিএন ও প্রক্সি ব্যবহার করে পাকিস্তানি কনটেন্ট দেখছেন ভারতীয় দর্শকেরা। পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপ১০ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে ভারতে ভিপিএন ব্যবহারের বিষয়ে অনুসন্ধান ৭২ শতাংশ বেড়েছিল। ওই দিনই স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল ভারত সরকার।
ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা থাকলেও কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান ছিল। তবে গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ ও অনুষ্ঠান আয়োজনের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ আরও সীমিত হয়েছে।
২০২৫ সালের এপ্রিলে ভারত-শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। এর পরের মাসে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটক নিষিদ্ধ করা হয়। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
সম্প্রতি নেটফ্লিক্সকেও পাকিস্তানের প্রথম নির্মিত একটি অনুষ্ঠান তাদের ভারতীয় প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
Leave a comment