কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যে ১০ দিন আগে গোপালগঞ্জ থেকে ফেনীতে বদলি করা হয়েছিল জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে। এবার ১০ দিনের ব্যবধানে তাঁকে ফেনী থেকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাবীবুল্লাহকে ৬ এপিবিএন খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গোপালগঞ্জ থেকে মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। একই আদেশে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত কিছুদিন ধরে গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ সময় জেলাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক দিন ধরে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
Leave a comment