প্রশাসনের মধ্যস্থতায় বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাদের মধ্যে সমঝোতার পর ঝিনাইদহের কালীগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিয়েছেন জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা। রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে শুক্রবার (১৩ নভেম্বর) মাহফিলটি অনুষ্ঠিত হয়। একই স্থানে পূর্বঘোষিত মাদকবিরোধী সমাবেশ স্থগিত করা হয়েছে।
শুক্রবার দুপুরে কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ বিদ্যালয় মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মাহফিল শুরু হয়। বিকেলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। মাগরিবের নামাজের আগেই অনুষ্ঠান শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার একই সময়ে ও একই স্থানে দুটি পক্ষ পৃথক কর্মসূচির ঘোষণা দেয়। একদিকে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল, অন্যদিকে ‘সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র-জনতা’র ব্যানারে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করা হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
বৃহস্পতিবার বিকেলে মাহফিলের পক্ষে জামায়াতের নেতা-কর্মীরা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। অন্যদিকে মাদকবিরোধী সমাবেশের প্রচারে ইজিবাইকে মাইকিং করা হয়। ওই পক্ষের উদ্যোগেও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
এর মধ্যে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেবের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের নেতারা। সেখানে তাঁরা যেকোনো পরিস্থিতিতে মাহফিল আয়োজনের ঘোষণা দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানায় দুই পক্ষের নেতাদের নিয়ে বৈঠক করে উপজেলা প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী এবং বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা।
বৈঠকে মাহফিলে কোনো ধরনের রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সমঝোতা হয়। একই সঙ্গে পূর্বঘোষিত মাদকবিরোধী সমাবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে মাহফিল আয়োজনের প্রশাসনিক অনুমতি নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এর আগে জেলা প্রশাসন অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমানের সই করা এক পত্রে জানানো হয়, ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর আবেদন অনুমোদন করা হয়নি। জেলা পুলিশ সুপারের মতামতের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী জানান, গত ২৩ অক্টোবর মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন তাঁরা। সে সময় প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে প্রস্তুতি চালিয়ে যেতে বলা হয়েছিল। পরে অনুমতিপত্র দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তা পাননি বলে দাবি করেন তিনি।
শেষ পর্যন্ত প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের সমঝোতার পর শুক্রবার ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাহফিল অনুষ্ঠিত হয়।
শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী। এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাওলানা ওলিউর রহমান।
Leave a comment