ব্যবসায়িক সংকট ও ব্যাংকঋণ নিয়ে আলোচনার মধ্যে থাকা চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের পাশে দাঁড়ানোয় শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। একই সঙ্গে স্বামী, সন্তানসহ পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বর্ষা জানান, কঠিন সময়ে মানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিকতা তাঁদের সাহস জোগাচ্ছে। পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জীবনের উত্থান-পতনের কথা উল্লেখ করে বর্ষা লেখেন, ব্যবসা-বাণিজ্য কিংবা জীবনের পরিস্থিতি সব সময় এক রকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। এটিই জীবনের বাস্তবতা। আল্লাহর ওপর ভরসা রেখে তাঁরা সামনে এগিয়ে যেতে চান।
পোস্টে নিজের পরিবারের পাশাপাশি সবার মঙ্গল কামনা করেন এই অভিনেত্রী। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, রিজিকে বরকত দেন এবং দেশের প্রতিটি মানুষকে শান্তিতে থাকার তৌফিক দেন, সেই প্রার্থনা করেন তিনি।
বর্ষা আরও লেখেন, আল্লাহ যেন তাঁর স্বামী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের সব ধরনের বিপদ-আপদ থেকে রক্ষা করেন। একই সঙ্গে জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেওয়া এবং সবার ভালো ইচ্ছা পূরণের জন্য দোয়া করেন তিনি।
পোস্টের শেষাংশে সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তাঁদের দোয়ায় রাখার অনুরোধ করেন বর্ষা।
সম্প্রতি অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হয়। পাশাপাশি তাঁর কয়েকটি কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মসংস্থান নিয়ে আলোচনা চলছে।
এর মধ্যে শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান অনন্ত জলিল। যাঁরা তাঁর জন্য দোয়া করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে আল্লাহর ওপর ভরসা রাখার কথাও উল্লেখ করেন।
স্বামীর ওই পোস্টের পর এবার পরিবারের কঠিন সময়ে পাশে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন চিত্রনায়িকা বর্ষা।
Leave a comment