ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়েছেন হত্যা মামলার এক আসামি। তাঁর নাম কাউসার মিয়া। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত প্রথম আদালতের কাঠগড়া থেকে তিনি পালিয়ে যান।
আদালত সূত্রে জানা যায়, দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি কাউসার মিয়া। এ মামলায় তাঁর বিরুদ্ধে দায়রা মামলা নম্বর ৭৮/২২ চলমান। মঙ্গলবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ জন্য সকালে তাঁকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে সাক্ষ্য গ্রহণের জন্য এজলাসে হাজির করা হয়।
আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা বলেন, এজলাসে নেওয়ার সময় কাউসারের হাতে হাতকড়া পরানো ছিল। পরে কাঠগড়ায় থাকা অবস্থায় তিনি হাতকড়া খুলে পালিয়ে যান। দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তাঁর পালিয়ে যাওয়ার বিষয়টি জানা যায়।
রিপন মোল্লা আরও জানান, কাউসার মিয়ার বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার ধলা মাইজপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মৃত রুকু মিয়া। আসামিকে আদালতে আনা ও পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাসির আহম্মেদ বলেন, সাক্ষ্য গ্রহণের জন্য কাউসারকে কাঠগড়ায় হাজির করা হয়েছিল। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় সেদিন শুনানি হয়নি। এ সময় হাতকড়া পরা অবস্থায় কাঠগড়া থেকে তিনি পালিয়ে যান। মামলাটি পুরোনো হত্যা মামলা এবং এতে মোট চারজন আসামি রয়েছেন।
Leave a comment