সাত দিনের সফরে আগামী ২২ নভেম্বর বাংলাদেশে আসছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফতি মুহাম্মদ তাকি উসমানি। সফরকালে ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তিনি। একই দিন মুসল্লিদের উদ্দেশে বয়ান দেওয়ারও কথা রয়েছে তাঁর।
বুধবার (১১ নভেম্বর) মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করা হয়। সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন মুফতি তাকি উসমানি। এ সময় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্মেলন ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের প্রথম দিন ২২ নভেম্বর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১৫ বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন ২৩ নভেম্বর রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত দস্তারবন্দি সম্মেলনে অংশ নেবেন।
২৪ নভেম্বর চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এরপর ২৫ নভেম্বর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত উলামা সম্মেলনে অংশ নেবেন। ২৬ নভেম্বর বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত উলামা সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান দেওয়ার কর্মসূচি রয়েছে মুফতি তাকি উসমানির। একই দিন এশার নামাজের পর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে আয়োজিত ইসলাহি সম্মেলনে অংশ নেবেন তিনি।
সফরের শেষ দিন ২৮ নভেম্বর মাগরিবের নামাজের পর রাজধানীর যাত্রাবাড়ীতে জামিয়া মাদানিয়ায় দরসে বুখারি দেওয়ার মধ্য দিয়ে তাঁর বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।
মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। ইসলামি আইনশাস্ত্র, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি।
Leave a comment