Home আন্তর্জাতিক পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, বার্ধক্য জয় করতে হাজারো বানর নিয়ে গবেষণা
আন্তর্জাতিক

পুতিনের ১৫০ বছর বাঁচার স্বপ্ন, বার্ধক্য জয় করতে হাজারো বানর নিয়ে গবেষণা

Share
Share

মৃত্যু কি ঠেকানো সম্ভব? বার্ধক্যকে জয় করে অন্তত ১৫০ বছর বেঁচে থাকা কি সম্ভব? এমন প্রশ্নকে সামনে রেখে দীর্ঘায়ু নিয়ে বৈজ্ঞানিক গবেষণায় জোর দিচ্ছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র নিয়ে আলোচনা চলছে। বার্ধক্যের রহস্য খুঁজতে এবার হাজার হাজার বানরকে গবেষণার আওতায় এনেছেন রুশ বিজ্ঞানীরা। তাদের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজছেন গবেষকেরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ গবেষণার তথ্য। এর নেতৃত্বে রয়েছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক। তাঁর পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণাপ্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। গবেষণার বিশেষ লক্ষ্য দীর্ঘজীবী বানরদের একটি দল, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের বেশি।

সম্প্রতি মস্কোয় কুরচাতভ জিনোম ফোরামে কোভালচুক জানান, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির অবস্থা, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি করা হচ্ছে মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা। তাঁর মতে, মানুষের সঙ্গে শারীরবৃত্তীয় মিল থাকায় প্রাইমেট বা বানরজাতীয় প্রাণীর ওপর গবেষণা মানুষের আয়ু বাড়ানোর গবেষণায় সহায়ক হতে পারে।

শুধু পরীক্ষা-নিরীক্ষাই নয়, দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণের জন্য বিশেষ বায়োব্যাংকও তৈরি করেছেন রুশ গবেষকেরা। পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে এ প্রকল্প। কেন্দ্রটির পরিচালক কনস্তানতিন কোটেনকোর মতে, এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।

পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র নিয়েও আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিনকে। খোলা মাইক্রোফোনে ধরা পড়া ওই কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও বায়োটেকনোলজির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

পরে মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক প্রদর্শনীতে পুতিন নিজেও বলেন, মানুষের পক্ষে ১৫০ বছর বেঁচে থাকা সম্ভব হতে পারে। তবে তাঁর মতে, এত দীর্ঘ আয়ুও যথেষ্ট নয়।

মানুষের আয়ু বাড়ানোর প্রচেষ্টায় বানর নিয়ে গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। জীবন্ত টিস্যু ও অঙ্গের ত্রিমাত্রিক (থ্রিডি) বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্যপ্রক্রিয়া ধীর করার জিন থেরাপি নিয়েও কাজ চলছে দেশটিতে। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

মানুষের আয়ু বাড়ানোর গবেষণায় যুক্ত রয়েছেন পুতিনের মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন।

সব মিলিয়ে বার্ধক্য প্রতিরোধ ও মানুষের আয়ু বাড়ানোর গবেষণায় বড় ধরনের উদ্যোগ নিয়েছে রাশিয়া। তবে বানরের শরীরে বার্ধক্যের রহস্য উদ্‌ঘাটন করতে পারলেই যে মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে, তার কোনো বৈজ্ঞানিক নিশ্চয়তা এখনো নেই। দীর্ঘায়ু হওয়ার স্বপ্ন বাস্তবে কতটা রূপ পায়, তা জানতে অপেক্ষা করতে হবে আরও অনেক দিন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২০, বাড়িঘর ভাঙচুর

  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।...

বাড়ি ফেরার পথে ছেলে দেখলেন সড়কে রক্তাক্ত হয়ে ছটফট করছেন বাবা, পরে মৃত্যু

\ মোটরসাইকেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ছেলে। পথে মহাসড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বাবাকে। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ছেলে।...

Related Articles

ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনা দিল ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশন

  যুক্তরাজ্যের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির গর্ব ড. জাকির খানকে সম্মান জানিয়ে সংবর্ধনার...

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত অন্তত ৫

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে...

মোদিকে প্রশ্নের মুখে ফেলা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল

ভারতের হায়দরাবাদে আয়োজিত ভারত সামিটে যোগ দেওয়ার আগে নিজের ভিসা বাতিল করা...

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন।...

;