জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের পরিবর্তে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাঁদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, নারীরা এখন কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। রাজনৈতিক ক্ষেত্রেও তাঁদের অংশগ্রহণ ও সক্ষমতা বেড়েছে। তাই জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করা প্রয়োজন।
নারীশিক্ষার প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় মেয়েদের স্নাতক পর্যায় পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নিতে চান তিনি। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও জানান স্পিকার।
বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় এ বিদ্যালয়ে প্রথম সচিবালয় স্থাপিত হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমদ বলেন, মানুষের শিকড়ের টান অপ্রতিরোধ্য। এ বিদ্যালয় থেকে অনেক কৃতী শিক্ষার্থী বের হয়েছেন। বিদ্যালয় তাঁদের অনেক কিছু দিয়েছে। এবার প্রাক্তন শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানের জন্য কিছু করার সময় এসেছে।
অর্থের অভাবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাঁদের পাশে দাঁড়াতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্পিকার।
নিজের স্কুলজীবনের স্মৃতিচারণা করে বরিশাল জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্কুলজীবনের স্মৃতি কখনো ভোলার নয়।
Leave a comment