বিদ্যুতের অতিরিক্ত ও ভুল বিল ঠেকাতে প্রিপেইড ও স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব মিটার স্থাপন করা হলে বিদ্যুৎ বিল তৈরিতে ভুল ও কারসাজি কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
প্রশ্নে সংসদ সদস্য বলেন, মাসের অল্প কয়েক দিন বিদ্যুৎ ব্যবহার করেও কোনো কোনো গ্রাহক অস্বাভাবিক বেশি বিল পাচ্ছেন। এমনকি ১৫ দিন বিদ্যুৎ ব্যবহার করে একটি পরিবারকে ১ লাখ ২৫ হাজার টাকার বিল দেওয়ার ঘটনাও ঘটেছে।
জবাবে মন্ত্রী বলেন, স্মার্ট মিটার স্থাপনের জন্য সরকার ইতিমধ্যে মিটার আমদানি করেছে। এসব মিটার স্থাপন করা হলে বিদ্যুৎ বিল তৈরিতে ভুল ও অনিয়ম কমানো সম্ভব হবে।
মন্ত্রী আরও জানান, মাগুরায় অতিরিক্ত বিদ্যুৎ বিল দেওয়ার ঘটনায় জেনারেল ম্যানেজারসহ দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিষয়ে গ্রাহকদের অভিযোগ জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মসজিদের বিদ্যুৎ বিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিদ্যুৎ বিনা মূল্যে সরবরাহ করা হয় না। এ কারণে মসজিদগুলোর কাছ থেকেও বিদ্যুৎ বিল নেওয়া শুরু হয়েছে।
তবে যেসব মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে, সেগুলোর কর্তৃপক্ষ কিস্তিতে বিল পরিশোধের জন্য আবেদন করতে পারবে।
Leave a comment