মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ জেলা কালেক্টরেট প্রাঙ্গণে দিনব্যাপী ‘কাব হলিডে ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) উৎসবমুখর পরিবেশে জেলা স্কাউটসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মেধা ও মননের বিকাশ ঘটানো ছিল আয়োজনের মূল লক্ষ্য। সকাল থেকে নানা আনুষ্ঠানিকতা, খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে কালেক্টরেট প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, বাংলাদেশ স্কাউটস মুন্সীগঞ্জ জেলার কমিশনার নাজমা চৌধুরী (এলটি) ও জেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে জেলা স্কাউটসের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
বর্ণাঢ্য পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে বাছাই করা ৪০টি কাব দলের ২৪০ জন কাব স্কাউট ও ৪০ জন কাব লিডার এতে অংশ নেন। দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা ও শারীরিক কসরত প্রদর্শন করেন কাব স্কাউটরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. কামরুজ্জামান বলেন, শিশুদের শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের সৎ, শৃঙ্খলাবদ্ধ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। স্কাউটিং শিশুদের নেতৃত্বের গুণাবলি ও সেবার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, শৃঙ্খলা ও নৈতিকতা শিক্ষায় স্কাউটিংয়ের অবদান গুরুত্বপূর্ণ। মুন্সীগঞ্জে বর্তমানে ৬১০টি প্রাথমিক বিদ্যালয়ে ৯৯২টি কাব ইউনিটে ২৩ হাজার ৮৩২ জন কাব স্কাউট এবং ১৬৩টি স্কাউট ইউনিটে ৫ হাজার ২১৬ জন স্কাউট সদস্য সক্রিয় রয়েছেন।
তিনি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। আনন্দের মাধ্যমে শেখার এ ধরনের আয়োজন স্কাউটদের ভবিষ্যৎ জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
Leave a comment