বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়ে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।
তবে তারেক রহমানের ভারত সফর নিয়ে এখন পর্যন্ত ঢাকা বা নয়াদিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। এর মধ্যেই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় ভারতের রাষ্ট্রপতি ভবন।
পরে বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি দপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে ২১ আগস্ট প্রকাশিত ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামের সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়।
ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ নেতাদের সম্মান জানাতে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সামরিক ও কূটনৈতিক আয়োজন করা হয়। এর মধ্যে থাকে তিন বাহিনীর সমন্বয়ে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং আনুষ্ঠানিক পরিচয় পর্ব।
সাধারণত মূল অনুষ্ঠানের আগের দিন এর পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। সফররত শীর্ষ নেতার সম্মানে রাষ্ট্রপতি ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়ে থাকে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Leave a comment