প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলছে। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট তিনি দিল্লি সফর করতে পারেন—ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
শুক্রবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা তৈরি হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
সালেহ শিবলী রয়টার্সকে বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তাঁকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। ভারত জানিয়েছে, বিষয়টি তারা পর্যালোচনা করছে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিয়মিত সংবাদ সম্মেলনে সম্ভাব্য সফর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Leave a comment