ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট এক মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে নিজের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ছুটিতে কর্মস্থল থেকে ফরিদপুরের বাড়িতে এসেছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবীর হোসেনের বাড়ির ছাদে কয়েকজন মিস্ত্রি কাজ করছিলেন। এ সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে আবীর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a comment