দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। প্রায় ৩৫ বছর পর এবারই প্রথম একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণ শেষে সেখানেই ব্যালট গণনা করা হয়। গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে নির্বাচনের আগে থেকেই ফখরুলের জয়ের সম্ভাবনা জোরালো ছিল।
ভোট গ্রহণের সময় সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে নির্ধারিত ব্যালট গ্রহণ করেন। ব্যালটে পছন্দের প্রার্থীর নাম লিখে নিজের পূর্ণ নাম ও স্বাক্ষর দিয়ে ভোট দেন তাঁরা। ভোট দেওয়ার পর ব্যালট নির্ধারিত বাক্সে জমা দেওয়া হয়। ভোট গ্রহণ ও গণনা সংসদ সদস্যদের উপস্থিতিতেই সম্পন্ন হয়।
বৃহস্পতিবার বেলা ২টা ১০ মিনিটে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন।
১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় সংসদ সদস্যদের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে দীর্ঘ সময় রাষ্ট্রপতি পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি।
Leave a comment