দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বর। একসময় ১১ সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। তবে প্রেমের সম্পর্কে তিক্ত অভিজ্ঞতার পর এখন আর সন্তান নিতে চান না বলে জানিয়েছেন ‘প্রেমাম’খ্যাত এই অভিনেত্রী।
ধ্যান ভার্মার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেছেন অনুপমা। তিনি জানান, দুই বছর একটি সম্পর্কে ছিলেন। ওই সময়ে প্রেমিকের কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হন তিনি। তবে সাবেক প্রেমিকের নাম প্রকাশ করেননি অভিনেত্রী।
সম্পর্কের সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে নারী হওয়া নিয়েও লজ্জাবোধ করতেন অনুপমা। তিনি বলেন, ‘আমি এমন একটি পরিস্থিতিতে ছিলাম, যেখানে অভিনেত্রী হওয়ার কারণে লজ্জাবোধ করতাম। আত্মবিশ্বাসী হওয়ার জন্যও লজ্জা পেতাম। একজন নারী ও ঋতুস্রাব হওয়ার জন্যও লজ্জা পেতাম।’
নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন অনুপমা। উদাহরণ দিয়ে তিনি বলেন, ঋতুস্রাবের যেকোনো সময়ে সাবেক প্রেমিকের কোনো ভুলের প্রতিবাদ করলে তাঁকে বলা হতো, ‘ওহ, তুমি তো পিএমএস (পিরিয়ড শুরুর আগের লক্ষণ), তোমার পিরিয়ড এখনো শুরু হয়নি।’ এভাবে ধীরে ধীরে নিজের ওপরই লজ্জাবোধ তৈরি হয়েছিল তাঁর।
অনুপমা বলেন, ‘আমি এমন একজন মানুষ ছিলাম, যে ১১টি সন্তান নেওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু এখন আমি সন্তানই চাই না। একজন নারী হওয়ার জন্য, আমার সব অর্জনের জন্যও নিজেকে খুব খারাপ মনে করতাম।’
নিজের অভিজ্ঞতাকে ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বা আত্মমুগ্ধতাজনিত মানসিক নির্যাতন হিসেবে বর্ণনা করেছেন অনুপমা। এ ধরনের নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী ম্যাডোনা সেবাস্তিয়ানের একটি ইনস্টাগ্রাম রিল দেখেছিলেন তিনি। সেটি দেখার পর তাঁর শরীর কাঁপতে শুরু করে। কারণ, রিলটিতে বর্ণিত অভিজ্ঞতার সঙ্গে নিজের জীবনের অনেক কিছু মিলে যাচ্ছিল বলে জানান অনুপমা।
ওই সময় উল্লেখযোগ্য পরিমাণ ওজনও কমে গিয়েছিল তাঁর। নিজেকে তখন আর বিকশিত হতে থাকা একজন মানুষ মনে হতো না; বরং ধীরে ধীরে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছেন বলে মনে হতো।
সাক্ষাৎকারে প্রেমিকের নাম প্রকাশ না করলেও অনুপমার সঙ্গে দক্ষিণ ভারতীয় অভিনেতা-গায়ক ধ্রুব বিক্রমের সম্পর্ক নিয়ে আগে গুঞ্জন ছিল। গত বছর তাঁদের চুম্বনের কথিত একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা গেছে। তবে তাঁদের সম্পর্ক বা অনুপমার সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে ধ্রুব বিক্রমের কোনো যোগসূত্র রয়েছে—এমন নিশ্চিত তথ্য প্রকাশ্যে নেই।
২০১৫ সালে চলচ্চিত্রে অভিষেক হয় অনুপমা পরমেশ্বরের। ‘প্রেমাম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর মালয়ালম, তেলেগু ও তামিল ভাষার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।
Leave a comment