Home সাম্প্রতিক শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
সাম্প্রতিক

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

Share
Share

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান।

মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়া, তাঁর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।

নোটিশদাতার দাবি, শেখ হাসিনা দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য সম্পর্কে অবগত। প্রতিবেশী দেশে তাঁর দীর্ঘ অবস্থানের কারণে এসব তথ্য প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাঁর দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।

নোটিশে আরও প্রস্তাব করা হয়েছে, বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের পর শেখ হাসিনা আত্মসমর্পণ করলে বাংলাদেশের আইনানুগ কর্তৃপক্ষ তাঁকে আইনি হেফাজতে নেবে। পরে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিটের মাধ্যমে উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ বিমানে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা ও অবস্থান নিশ্চিত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পৈতৃক বাড়িকে বিশেষ সাব-জেল বা উপকারাগার হিসেবে ঘোষণার প্রস্তাবও দিয়েছেন আইনজীবী। এ ছাড়া ঢাকায় বিমান অবতরণের পর পুলিশের হেলিকপ্টারে তাঁকে সরাসরি টুঙ্গিপাড়ায় নেওয়ার কথা বলা হয়েছে।

নোটিশে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে ভার্চুয়াল শুনানি ও সাক্ষ্যগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে।

আইনজীবী মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাঁকে অবহিত করার দাবি জানিয়েছেন। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশদাতা দাবি করেছেন, এ উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল বা শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি এ নোটিশ পাঠিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনাসহ পরিবারের চার সদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়েছে দুদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং ভাগনি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির...

৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিলেন স্ত্রী, দাফনে হুমকির অভিযোগ

ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ প্রায় ৩৬ ঘণ্টা পর হাসপাতালের মর্গ থেকে গ্রহণ করেছেন তাঁর স্ত্রী মিম আক্তার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল...

Related Articles

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ।...

ভারত–পাকিস্তানের দূষিত বাতাসেও বাড়ছে বাংলাদেশের বায়ুদূষণ

বাংলাদেশের বায়ুদূষণের একটি উল্লেখযোগ্য অংশের উৎস দেশের বাইরে। ভারত ও পাকিস্তান থেকে...

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক...

গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন

গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা...

;