ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (১৮ নভেম্বর) সকালে এ অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ৩৯টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া বুধবারের জন্য আরও ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী মানুষসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে যান। প্রথমে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে পুলিশ।
এরপর শ্রমিকদের একটি অংশ আবার হারিকেন এলাকায় অবস্থান নেন।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। মঙ্গলবারও কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়।
বুধবার মহানগরীর কোনাবাড়ী এলাকার দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন। তবে তাঁরা মহাসড়ক অবরোধ করেননি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের জেরে আরও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
Leave a comment